এখনো নিখোঁজ আরিফের অপেক্ষায় মা, স্ত্রী ও সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফুর রহমান ও কুলসুমের সন্ধান পাওয়ার আশায় স্বজনেরা
ছবি: প্রথম আলো

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ১৩ দিন পার হলেও সন্ধান মেলেনি বরগুনার বেতাগীর আরিফুর রহমান ও তাঁর চার বছরের মেয়ে কুলসুমের। আরিফের স্ত্রী ও স্বজনেরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। জোটেনি কোনো সরকারি বা বেসরকারি সহায়তা।

নিখোঁজ আরিফুর রহমান (৩৮) বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। দুর্ঘটনার পর তাঁর স্ত্রী এবং স্বজনেরা এমভি অভিযান-১০ লঞ্চসহ ঝালকাঠি ও বরগুনা সদর হাসপাতালের মর্গে এবং বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

গত ২৩ ডিসেম্বর ঢাকা থেকে মেয়ে কুলসুমকে নিয়ে অভিযান-১০ লঞ্চে বাড়ির উদ্দেশে রওনা হন আরিফ। স্ত্রী খাদিজা বেগম ও ছোট দুই সন্তানকে রেখে ঢাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ২৫ হাজার টাকা সহায়তা হিসেবে দেওয়া হলেও আহত, চিকিৎসাধীন ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে কোনো সহায়তা দেওয়া হয়নি।

নিখোঁজ আরিফের মা আলেয়া জাহান বলেন, তাঁর ছেলে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ছেলের দুই সন্তান ও তাদের ভবিষ্যৎ নিয়ে এখন দুশ্চিন্তায় আছেন। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। এখনো ছেলের খোঁজ পাওয়ার আশায় আছেন।

ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ বাবা আরিফুর রহমান ও মেয়ে কুলসুম
ছবি: সংগৃহীত

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাত ৯টার দিকে আরিফের সঙ্গে সবশেষ কথা হয় স্ত্রী খাদিজা বেগমের। খাদিজা বলেন, ঘটনার পর থেকে আত্মীয়স্বজনেরা ঝালকাঠির ঘটনাস্থলসহ বরগুনা, বরিশালের অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছেন। এখন বাড়িতে বসে তাদের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

আরিফের এক মেয়ে মানসিক প্রতিবন্ধী। আরেক ছেলের বয়স দুই বছর। খাদিজা বলেন, তাদের নিয়ে সামনের দিনগুলো কীভাবে চলবে, তা ভেবে দিশেহারা অবস্থা।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন বলেন, লঞ্চে অগ্নিদুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে। তবে নিখোঁজ যাত্রীর স্বজনদের জন্য সরকারি সহায়তা এখনো আসেনি।