এখনো নিরাপদ নন সাক্ষীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল বিভাগের রায় ঘোষণার আগেই দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষীকে নিরাপত্তার স্বার্থে পিরোজপুর পুলিশ লাইনে নিয়ে রাখা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে তাঁরা সেখানে অবস্থান করেন। এসব সাক্ষীর পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য প্রত্যেকের বাড়িতে পুলিশ প্রহরা বসানো হয়েছে।
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, সাক্ষীদের নিরাপত্তার স্বার্থেই এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত বছরের ৯ ডিসেম্বর দুর্বৃত্তদের হামলায় সাঈদীর মামলার আরেক সাক্ষী মোস্তফা হাওলাদার নিহত হন। এ ঘটনার পর থেকেই জিয়ানগরের বাসিন্দা এই সাত সাক্ষীকে নিরাপত্তা দিয়ে আসছে পুলিশ।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন। গতকাল বুধবার আপিল বিভাগ ওই রায় বহাল না রেখে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেওয়ায় সন্তুষ্ট হতে পারেননি এই মামলায় রাষ্ট্রপক্ষের ১ নম্বর সাক্ষী মাহবুবুল আলম হাওলাদার। রায় ঘোষণার পর প্রথম আলোকে তিনি বলেন, ‘সাঈদীর মৃত্যুদণ্ডের রায় বহাল না রাখায় আমি হতাশ।’
হতাশ মামলার ৪ নম্বর সাক্ষী সুলতান আহমেদও। তিনি বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে এখন পুলিশ প্রহরায় বন্দী জীবন কাটাচ্ছি। আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই।’
রায়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তবে পিরোজপুর ও জিয়ানগরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নানা ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে।
জিয়ানগর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের গ্রামের জাকির খান (৬০) বলেন, একাত্তরে সাঈদী জিয়ানগরের পাড়েরহাট বন্দরে বন্ধু খলিল মুন্সীর সঙ্গে তেল ও লবণ বিক্রি করতেন। ভালো উর্দু জানায় পাকিস্তানের সেনাদের সাহায্যকারী হিসেবে কাজ করতেন।
রায়ের প্রতিক্রিয়ায় পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বলেন, ‘আমাদের প্রত্যাশা পূরণ হয়নি।’
এদিকে সাঈদীর আপিলের রায় ঘোষণার পর পিরোজপুর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় ঝটিকা মিছিল করে শিবির। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পিরোজপুরের পুলিশ সুপার মো. শাহ্ আবিদ হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।