এখনো মহরমীর চোখ খচখচ করে, যন্ত্রণা হয়, কাঁদে প্রতি সন্ধ্যায়
বছর ঘুরে এল ১ ফেব্রুয়ারি। এক বছর আগে এই দিনে নতুন বই পাওয়ার আনন্দে বিভোর ছিল মহরমী খাতুন (১২)। বেলা ১১টায় বিদ্যালয় থেকে ফিরে বইয়ের মধ্যেই বুঁদ হয়ে ছিল। এক বইয়ের পর আরেক বইয়ের পাতা উল্টে কোথায় কী আছে দেখে যাচ্ছিল। সারা দিন আনন্দেই কাটছিল।
বিকেল পাঁচটার দিকে বাড়ির পাকা দেয়ালঘেরা খোলা জায়গায় কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে নাড়াচাড়া করছিল মহরমী। মুহূর্তেই হাতের মধ্যেই ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে তার এক হাতের কবজি ও দুই চোখ নষ্ট হয়ে যায়।
মহরমীর মা মানসুরা বেগম গত রোববার বিকেলে দুঃসহ সেই স্মৃতিচারণা করে প্রথম আলোকে বলেন, ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠেই মহরমী তাঁকে দিনটির কথা মনে করিয়ে দিয়েছে। বলেছে, ‘মা আমি এক বছর থেকে চোখে দেখতে পাই না। আমি কী আর কোনো দিনও দেখতে পাব না?’সেদিন সোমবার ছিল তাও বলল। তারিখ ছিল ১ ফেব্রুয়ারি। সেটাও তো মনে আছে মেয়ের।
মা আমি এক বছর থেকে চোখে দেখতে পাই না। আমি কী আর কোনো দিনও দেখতে পাব না?
এক হাতের কবজি ও দুই চোখ হারানো মহরমী খাতুন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গনকা মহল্লার প্রবাসীশ্রমিক আশরাফুল আলিমের মেয়ে। ঘটনার আগের দিন আলিনগর মহল্লার স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে এলাকায় অনেক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের ফেলে যাওয়া একটি অবিস্ফোরিত ককটেলই পরদিন মহরমীর হাতে বিস্ফোরণ হয়। এতে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়, দুই চোখে স্প্লিন্টার ঢুকে অন্ধ হয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উভয়পক্ষের নেতা-কর্মীদের নামে মামলা করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে মামলার ১৯ আসামির নামে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আসামিরা বর্তমানে জামিনে মুক্ত আছেন।
কাতর কণ্ঠে মানসুরা বেগম বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও বাংলাদেশ আই হসপিটালে মহরমীর চিকিৎসা করানো হয়েছিল। হাসপাতালগুলো থেকে বলা হয়, চোখের দৃষ্টি ফিরে পাওয়া যাবে না। তবুও মনে হয়, ভারতে নিয়ে চিকিৎসা করালে যদি কিছু হতো। কিন্তু টাকার অভাবে তা আর সম্ভব হয়নি। মেয়েটির বাবা ধারদেনা করে বিদেশে গেছেন। এখনো সেই দেনা শোধ হয়নি। মেয়ের ওই ঘটনার কথা জেনে দেশে এসেছিলেন, দুই মাস আগে আবারও গেছেন। ধারদেনা করেই যেতে হয়েছে। মেয়ের চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে। এখনো মহরমীর চোখ খচখচ করে, যন্ত্রণা হয়। ঘুমাতে পারে না ঠিকমতো। প্রতিদিন সন্ধ্যা হলেই কাঁদে। গভীর রাতে ঘুম থেকে ওঠে জাগিয়ে তোলে, নানা গল্প করে। হতাশার কথা বলে।
মায়ের সঙ্গে এসব কথা হওয়ার সময় পাশেই বসে ছিল মহরমী। কোনো প্রশ্নেরই জবাব দেয়নি সে। অব্যক্ত বেদনায় তার মুখমণ্ডল পাথরের মতো নিশ্চল ছিল।
মানসুরা বলেন, এখনো মহরমীর পড়ালেখা করার ইচ্ছে আছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহীতে অন্ধ মেয়েশিশুদের জন্য পড়ালেখার কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছে সমাজসেবা বিভাগ। তারা জানিয়েছে, ঢাকায় গেলে হয়তো পড়ালেখার সুযোগ হতে পারে। কিন্তু ঢাকায় পাঠিয়ে পড়ালেখা করানোর মতো অবস্থা তাঁদের নেই। মহরমীও মাকে ছেড়ে যেতে সাহস পায় না। মেয়েকে সব সময় কাছে কাছে রাখতে হয়। রান্না করার সময়ও সে পাশে বসে থাকে। তাকে ছেড়ে কোথাও যেতে পারেন না।
মায়ের সঙ্গে এসব কথা হওয়ার সময় পাশেই বসে ছিল মহরমী। কোনো প্রশ্নেরই জবাব দেয়নি সে। অব্যক্ত বেদনায় তার মুখমণ্ডল পাথরের মতো নিশ্চল ছিল।