রাজবাড়ীর গোয়ালন্দ
এখনো রেলসেতু দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত
নতুন সেতুটির দুই পাশের সংযোগ সড়কের মাটি না থাকায় তা ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না।
রাজবাড়ীর গোয়ালন্দে ঝুঁকি নিয়ে রেলসেতু দিয়ে যাত্রী ও যানবাহন চলাচল করছে। ওই রেলসেতুর পাশে এক বছর আগে প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে আরেকটি সেতু নির্মাণ করা হয়। কিন্তু নতুন সেতুটির দুই পাশের সংযোগ সড়কের মাটি না থাকায় তা ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না। ফলে এলাকার মানুষজনের দুর্ভোগ কমেনি।
গোয়ালন্দ বাজার থেকে গোয়ালন্দ ঘাট রেলওয়ে স্টেশনের মাঝে শ্মশানঘাট এলাকায় একটি রেলসেতু রয়েছে। সেখান দিয়ে উজানচর ইউনিয়নের নতুন পাড়া, দৌলতদিয়া ইউনিয়নের তোরাপ শেখের পাড়া ও ফকির পাড়ার লোকজন গোয়ালন্দ বাজারে যাতায়াত করেন। এ ছাড়া গোয়ালন্দ শহর এলাকা থেকে মহাশ্মশানে যাতায়াতের একমাত্র পথও সেটি। পাশাপাশি দৌলতদিয়া ঘাটে যানজট সৃষ্টি হলে বিকল্প রাস্তা হিসেবে রিকশা, অটোরিকশার মতো ছোট যানবাহন দৌলতদিয়া ঘাটে যাওয়া-আসা করত সড়কটি ব্যবহার করে। গুরুত্ব বিবেচনা করে এবং স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে গোয়ালন্দ পৌরসভা কর্তৃপক্ষ কয়েক বছর আগে রেললাইনের পাশ দিয়ে দুই কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করে।
সবেমাত্র দায়িত্ব নিয়েছি। বিষয়টি জানতে পারলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে।নজরুল ইসলাম মণ্ডল, মেয়র, গোয়ালন্দ পৌরসভা
পরে দৌলতদিয়া ও উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সুপারিশের ভিত্তিতে উত্তর উজানচর শ্মশানঘাটসংলগ্ন তারা মিয়ার বাড়ির কাছে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৯-২০ অর্থবছরে ২১ লাখ ৬৭ হাজার টাকা ব্যয়ে ২৬ ফুট দৈর্ঘ্যের আরসিসি সেতু নির্মাণ করা হয়। স্থানীয় মেসার্স রনি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করে। প্রতিরক্ষা দেয়াল (গাইডওয়াল) না থাকায় সেতুর সংযোগ সড়কের মাটি ধসে গেছে। এতে সেতুতে যানবাহন চলাচল করতে পারছে না। সেতু দিয়ে চলতে গিয়ে ঘোড়ার গাড়ি, রিকশা ও অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনা ঘটছে। বাধ্য হয়ে যাত্রী ও চালকেরা আগের মতোই ঝুঁকি নিয়ে রেলসেতুর পাশ দিয়ে সরু রাস্তা দিয়ে যাতায়াত করছেন।
স্থানীয় বাসিন্দা দোয়াত আলী শেখ বলেন, নতুন সেতুর দুই পাশের রাস্তায় গাইডওয়াল করাসহ আরও চওড়া করে করার দরকার ছিল। সম্প্রতি বন্যায় রাস্তা ধসে গেছে। এখানে প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
অটোরিকশার চালক আজাদ মোল্লা বলেন, তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে রেলসেতুর পাশ দিয়েই চলাচল করছেন।
ফকির পাড়ার বাসিন্দা গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী হুমায়ুন আহম্মেদ বলেন, এলাকার কৃষকেরা ঘোড়ার গাড়ি, ভ্যান বা ছোট গাড়িতে করে পণ্য বাজারে নিয়ে বেচাকেনা করেন। কিন্তু গত বর্ষায় রাস্তার মাটি ধসে গেছে। এতে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সাঈদ মণ্ডল বলেন, বন্যার কারণে সেতুর সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে উপজেলা পরিষদ থেকে মহিলা ভাইস চেয়ারম্যানের অনুকূলে টিআর বরাদ্দ করা হয়েছে। শিগগিরই রাস্তার উন্নয়নকাজ শুরু হবে।
পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমি সবেমাত্র দায়িত্ব নিয়েছি। বিষয়টি জানতে পারলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।’