সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ
এখনো শেষ হয়নি কাজ
জেলার ১১টি উপজেলার বিভিন্ন হাওরে ৭২৪টি প্রকল্পে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ চলছে।
সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের সব কাজ শেষ হওয়ার কথা ছিল ২৮ ফেব্রুয়ারি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর ১০ দিন পেরিয়ে গেলেও পুরো কাজ এখনো শেষ হয়নি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, বাঁধে মাটির কাজ শেষ। এখন আনুষঙ্গিক কাজ চলছে। এখন পর্যন্ত ৯৩ ভাগ কাজ হয়েছে। তবে শতভাগ কাজ কবে শেষ হবে, তা নিশ্চিত করে বলছেন না তাঁরা।
প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) লোকজন বলছেন, বাঁধের কাজে চার কিস্তিতে টাকা দেওয়া হয়। এ সময় তৃতীয় কিস্তির টাকা পাওয়া কথা। কিন্তু পুরোপুরি দ্বিতীয় কিস্তির টাকাই দেওয়া হয়নি। তাই কাজে দেরি হচ্ছে।
পাউবো সূত্র জানায়, জেলার ১১টি উপজেলার বিভিন্ন হাওরে ৭২৪টি প্রকল্পে ৫২০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। এর জন্য প্রাক্কলন ধরা হয়েছে ১২০ কোটি টাকা। এখন পর্যন্ত পিআইসিকে বিল দেওয়া হয়েছে ৪৮ কোটি টাকা।
পাউবোর তথ্যমতে, এবার সদর উপজেলায় ২৬টি, বিশ্বম্ভরপুরে ৩৫, ধর্মপাশায় ১৫৭, তাহিরপুরে ৬৮, জামালগঞ্জে ৪০, শান্তিগঞ্জে ৫৬, দিরাইয়ে ১০৪, শাল্লায় ১৩৮, জসন্নাথপুরে ২৮, দোয়ারাবাজারে ৫০ ও ছাতক উপজেলায় ২২টি প্রকল্প রয়েছে। নীতিমালা অনুযায়ী, স্থানীয় কৃষক ও সুবিধাভোগীদের নিয়ে গঠিত ৫ থেকে ৭ সদস্যের একটি পিআইসি একটি প্রকল্পে কাজ করে। একটি পিআইসি সর্বোচ্চ ২৫ লাখ টাকার কাজ করতে পারে। গত সোমবার জামালগঞ্জের মহালিয়া হাওরের ৮ নম্বর প্রকল্পে সরেজমিনে দেখা গেছে, ওই প্রকল্পে মাটির কাজই শেষ হয়নি। বাঁধের বিভিন্ন স্থানে মাটি স্তূপ করে রাখা হয়েছে। প্রকল্পের পাশে রাখা সাইনবোর্ডে উল্লেখ আছে, দুই দশমিক ৫৬০ কিলোমিটার কাজের এই কাজে বরাদ্দ ১২ লাখ ৩৮ হাজার ২৭৯ টাকা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পুরো কাজ শেষ হতে আরও অন্তত ১০ দিন লাগবে। হিজলা গ্রামের কৃষক বকুল বর্মণ বলেন, এখন তো যেকোনো দিন বৃষ্টি হতে পারে। বৃষ্টির মধ্যে মাটি ফেললে মাটি নরম থাকে। নরম বাঁধে পানি আটকানো সম্ভব হয় নয়। আরেক কৃষক ফারুক মিয়া বলেন, ‘এক বছরে আমরা একটি ফসল পাই। এই ফসল রক্ষা বাঁধের কাজটিও সময় মতো হয় না, এইটা একটা দুঃখ।’
এই প্রকল্পের সভাপতি হিজলা গ্রামের বাসিন্দা চন্দন বর্মণ জানান, মাটির ফেলার জন্য যে এক্সকাভেটরের মালিকের সঙ্গে চুক্তি করেছিলেন, তিনি টাকা নিয়েও যথাসময়ে আসেননি। তাই কাজ শুরু করতে দেরি হয়েছে। তিনি বলেন, ‘টাকার সমস্যা ছিল, মাত্র দুই কিস্তিতে চার লাখ ৩৪ টাকা পাইছি। শুধু আমি না, আরও অনেক পিআইসি এভাবে টাকার জন্য আটকে আছে। তবে চার-পাঁচ দিনের মধ্যে আমার কাজ শেষ করে ফেলব।’
জামালগঞ্জের দায়িত্বে থাকা পাউবোর উপসহকারী প্রকৌশলী রেজাউল কবির বলেন, দুয়েকটি প্রকল্পে সামান্য কিছু কাজ বাকি আছে, সেগুলো তিন-চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে।
তাহিরপুরের মাটিয়ান হাওরের আলমখালী ক্লোজারে (বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ) এখনো মাটির কাজ শেষ হয়নি। এ উপজেলার গুরমার হাওরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামের পাশের ১৬ নম্বর প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই মাটি ধসে গেছে। পাউবোর উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, বাঁধটি সংস্কার করা হচ্ছে।
‘হাওর বাঁচাও আন্দোলন’ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান বলেন, এখনো কিছু প্রকল্পে মাটির কাজ বাকি আছে।
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ-১) ও হাওরে বাঁধ নির্মাণসংক্রান্ত জেলা কমিটির সদস্যসচিব মো. জহুরুল ইসলাম বলেন, উপজেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৯৩ ভাগ কাজ হয়েছে। বাকি কাজও দ্রুত শেষ হয়ে যাবে।
জেলা প্রশাসক ও বাঁধ নির্মাণসংক্রান্ত জেলা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘কাজে আমাদের প্রয়োজনীয় নজরদারি আছে। মাঝখানে কোনো কোনো উপজেলা কাজে কিছুটা পিছিয়ে ছিল, সেটা এখন নেই।’