এগারসিন্ধুর দুর্গে মিলল বিরল ‘ধাপযুক্ত স্থাপনা’
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদর থেকে আট কিলোমিটার দূরে এগারসিন্ধুর দুর্গ। ইতিহাস ঘেঁটে জানা যায়, একদা বারো ভূঁইয়াদের নেতা ঈসা খাঁ মোগলদের বিরুদ্ধে লড়াইয়ে এই দুর্গ ব্যবহার করেছিলেন। মোগল বাদশা আকবর বাংলা জয়ের সময় এই দুর্গে আক্রমণ করেন সেনাপতি মানসিংহ। কালের সাক্ষী দুর্গটির অস্তিত্ব অনেক আগেই বিলীন হয়ে রূপ নিয়েছে মাটি আর ইটের ঢিবিতে। এই ঢিবি খুঁড়ে পাওয়া গেল আরেক ইতিহাস- ‘ধাপযুক্ত স্থাপনা’।
এই ধাপযুক্ত স্থাপনাকে বাংলাদেশের প্রাচীন স্থাপত্য সংস্কৃতির ইতিহাসের বিরল হিসেবে উল্লেখ করেছেন প্রত্নতাত্ত্বিকেরা। তাঁরা বলছেন, বিশ্বসভ্যতার ইতিহাসে মিসরের পিরামিডে প্রথম ধাপ নকশার দৃষ্টান্ত পাওয়া যায়। এগারসিন্দুর দুর্গে যে ধাপযুক্ত স্থাপনার সন্ধান মিলেছে সেটিকে বাংলার ইতিহাসের প্রাক্ মুসলিম (১২০৪ সালের আগের সময়) স্থাপত্য কাঠামোর স্বতন্ত্র গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। সেই সঙ্গে দুর্গে সন্ধান মিলেছে একটি তোপ মঞ্চের। ধারণা করা হচ্ছে ঈসা খাঁর সৈনিকেরা মঞ্চটি ব্যবহার করে কামান থেকে গোলা ছুড়তেন। তোপ মঞ্চটির অবস্থান সমতল থেকে ৯ মিটার উচ্চতায়।
এগারসিন্ধুর দুর্গ খননের তৃতীয় ধাপের কাজ শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে ওই বিরল স্থাপনার সন্ধান পাওয়ার তথ্য সবার সামনে আনা হয়। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে অধিদপ্তর এগারসিন্ধুর দুর্গ ঈদগাহ ময়দানে প্রাপ্ত প্রত্ননিদর্শনের প্রদর্শনীর আয়োজন করে। এই আয়োজন থেকে ধাপযুক্ত স্থাপনা উন্মোচনের বিষয়টি প্রকাশ করা হয়। এই সময় জানানো হয়, এখন পর্যন্ত দুর্গ এলাকা থেকে ২৫০টির মতো প্রত্নবস্তু পাওয়া গেছে। এর মধ্যে প্রাচীন সময়ের চীনা মাটির পাত্র, পাথর খণ্ড, জীবাশ্ম, লৌহপিণ্ড, কালো চকচকে প্রলেপযুক্ত মৃৎপাত্র, লাল চকচকে প্রলেপযুক্ত মৃৎপাত্র, জীবজন্তুর হাড়, ছাই, কয়লা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পণ্ডিত। সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের আঞ্চলিক পরিচালক রাখী রায়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে বলা হয়, বাংলার উত্থান-পতনের ইতিহাসে ঈসা খাঁর জীবনসংগ্রামের গুরুত্ব অনেক। এগারসিন্ধুর এলাকায় ঈসা খাঁর শক্তিশালী সামরিক ঘাঁটি (দুর্গ) রয়েছে—এই তথ্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরে ছিল না। দুর্গ এলাকাটি এখন শাহ গরীবুল্লাহর মাজার হিসেবে অধিক পরিচিত। এই এলাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত মোগল আমলের দুটি মসজিদ রয়েছে। শেখ সাদী মসজিদ ও মাহামুদ শাহ মসজিদ নামের ঐতিহাসিক মসজিদ দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর রক্ষণাবেক্ষণ করছে।
২০১৮ সালে দুর্গটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরে আসে। প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনুধাবন করে এখানে খননের উদ্যোগ নেওয়া হয়। খনন এলাকার জন্য ৫২ শতাংশ ভূমি চিহ্নিত করা হয়। তৃতীয় ধাপের খনন শুরু হয় চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে, শেষ হয় গতকাল বৃহস্পতিবার। প্রতিটি ধাপে কিছু না কিছু প্রত্ননিদর্শন বের হয়ে আসে। সর্বশেষ তৃতীয় ধাপের খননে বের হয়ে আসে সবচেয়ে বড় অর্জন-ধাপযুক্ত স্থাপনা। এই স্থাপনার ধাপ রয়েছে সাতটি। প্রতিটা ধাপের উচ্চতা তিন মিটার করে। প্রতিটি ধাপে আছে ১১টি করে ভদ্র নকশা (অফসেট নকশা)।
এই খননকাজের নেতৃত্ব দেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম ফেরদৌস। এই স্থাপনাকে বিরল উল্লেখ করে প্রথম আলোকে তিনি বলেন, এর আগে ২০১২ সালে নরসিংদীর ওয়ারী বটেশ্বরে ধাপযুক্ত স্থাপনার সন্ধান পাওয়া গিয়েছিল বটে। তবে সেটি খুবই ছোট পরিসরের। ইট নির্মিত একটি চৌবাচ্চা। এগারসিন্দুর দুর্গে যেটি মিলেছে সেটি উল্লেখ করার মতো। সমতল ভূমিতে এমন স্থাপত্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুসন্ধানে এর আগে আর পাওয়া যায়নি।
গোলাম ফেরদৌস আরও বলেন, আবিষ্কৃত ধাপযুক্ত স্থাপনাটির পেছনে কোনো আবাসিক চরিত্র খুঁজে পাওয়া যায়নি। সংগত কারণেই ধারণা করা হচ্ছে এটি প্রাচীন অধিবাসীদের ব্যবহৃত সামাজিক কিংবা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান হতে পারে। তবে প্রকৃত ব্যবহারিক উদ্দেশ্য জানতে আরও গবেষণা দরকার। খনন–উত্তর গবেষণার মাধ্যমে ওই সব প্রশ্নের উত্তর বের করা হবে।
প্রত্নতাত্ত্বিকেরা এ ধরনের স্থাপত্য কাঠামো নির্মাণের কারণ অনুসন্ধান করে জানতে পেরেছেন, সেই সময়ে এই অঞ্চলের ভূমি ছিল ঢালু ও অমসৃণ। মাটির এমন বৈশিষ্ট্যের কারণেই সেই সময় এ ধরনের স্থাপত্য কাঠামো গড়ে তোলা হতে পারে। এককথায় ভৌত স্থাপনার সঙ্গে ভূমিরূপের সামঞ্জস্য বিধান করতেই এ ধরনের স্থাপত্য পরিকল্পনাকে বেছে নেওয়া হয়। প্রত্নতাত্ত্বিকেরা আরও একটি বিষয়ে নিশ্চিত হয়েছেন, দুর্গটি ঈসা খাঁ নির্মাণ করেননি। আগের নির্মিত স্থাপনা ঈসা খাঁ দখলে নিয়ে তিনি সামরিক ঘাঁটির রূপ দেন। ধাপযুক্ত স্থাপনায় বিষয়টি পরিষ্কার করেছে।
এগারসিন্ধুর দুর্গ খননের সফলতার বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পণ্ডিত বলেন, খননে ধাপযুক্ত স্থাপনা আবিষ্কারের পাশাপাশি এরই মধ্যে প্রাপ্ত ২৫০টির মতো প্রত্নবস্তু পাওয়া গেছে। এগুলো সংরক্ষণ করা হচ্ছে। দুর্গ এলাকায় জাদুঘর স্থাপন করা হবে। এককথায় প্রত্নতত্ত্বের গুরুত্ব কাজে লাগিয়ে এগারসিন্ধুর এলাকাটিকে পর্যটন এলাকায় গড়ে তোলার চিন্তা রয়েছে।