এগিয়ে এল না গ্রামবাসী, করোনায় মৃত ব্যক্তির সৎকার করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামবাসী এগিয়ে না আসায় ফরিদপুরে করোনায় মৃত ব্যক্তির সৎকার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাট শ্মশানঘাটে
প্রথম আলো

ফরিদপুরে করোনায় মৃত্যু হওয়া এক ব্যক্তির সৎকার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরের দিকে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাট শ্মশানঘাটে মৃতদেহটি দাহ করা হয়।

করোনা শনাক্ত হয়ে মৃত্যু হওয়া ওই ব্যক্তির নাম বিপ্লব কুমার সাহা (৫৫)। তিনি মাচ্চর ইউনিয়নের কোরপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন মুদি ব্যবসায়ী। করোনায় আক্রান্ত হয়ে তিনি ঢাকায় মারা যান। তাঁর শেষ ইচ্ছা ছিল বাড়ির পাশের খোলা জায়গায় তাঁকে দাহ করা হোক।

মৃতের সর্বশেষ ইচ্ছা অনুযায়ী বাড়ির পাশে খোলা জায়গায় তাঁর দাহকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।

ফরিদপুর সদরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রনি তরফদার জানান, মৃত বিপ্লব দুই মেয়ের বাবা। তাঁর কোনো ছেলে নেই। সৎকারের জন্য কোনো গ্রামবাসী এগিয়ে আসেনি। তাঁরা এ উদ্যোগ নিতে চাইলে তাঁদের এ-সংক্রান্ত সুরক্ষাসামগ্রী ছিল না। ফলে বাধ্য হয়ে তাঁরা বিষয়টি ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে জানান।

ফরিদপুর পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, এ খবর শোনার পর পুলিশের একটি দল কোরপুর গ্রামে যায়। তবে মৃতের সর্বশেষ ইচ্ছা অনুযায়ী বাড়ির পাশে খোলা জায়গায় তাঁর দাহকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। পরে মৃতদেহটি পাশের ঈশান গোপালপুর ইউনিয়নের লক্ষ্মীদাসের হাট শ্মশানঘাটে নিয়ে দাহকাজ সম্পন্ন করা হয়। তিনি বলেন, সন্ধ্যা ছয়টার দিকে এ দাহকাজ শেষ হয়।