‘এজেন্ট হওয়ার দরকার নেই, বাবা-মাকে নিয়ে অন্তত ভোটটা দিয়ে যাও’
ভোটের আগের দিন স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিত সরকার রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও খোলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের থাকার অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, কেন্দ্র দুটি নৌকার সমর্থকেরা দখলে নেবেন। তা ছাড়া কিছুতেই নৌকা জিততে পারবে না।
গতকাল রোববার ভোটের দিন সকালে গিয়ে দেখা যায়, ইউনিয়নের পারিলাডাঙ্গা কেন্দ্রে সুরঞ্জিত সরকারের কোনো এজেন্টই আসেননি। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে সুরঞ্জিত সরকার দুজন পোলিং এজেন্টকে ফোন দিয়ে বলেন, ‘এজেন্ট হওয়ার দরকার নেই। ভয় নেই, আমি দাঁড়িয়ে আছি। বাবা–মাকে সঙ্গে নিয়ে অন্তত ভোটটা দিয়ে যাও।’ তাঁরা দুজনের কেউ–ই এলেন না।
সুরঞ্জিতের দাবি, এজেন্টদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ জন্য তাঁরা আসেননি। ভোটার যাঁরা আসছেন, নৌকার এজেন্টকে দেখিয়ে সিল মারতে হচ্ছে। প্রিসাইডিং কর্মকর্তা ও সাংবাদিকদের সামনেই ভোটাররা নৌকার এজেন্টকে সিল মারা ব্যালট দেখানোর পরে বাক্সে ঢোকাচ্ছেন। প্রিসাইডিং কর্মকর্তা হাসানুজ্জামান সাংবাদিকদের কাছে স্বীকার করেন, স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের শাসানো হয়েছে, এটা তিনি শুনেছেন। এ জন্য তাঁরা এজেন্ট কার্ড নিতেই আসেননি।
ভোটের ফলে দেখা যায়, ওই দুটি কেন্দ্রের ফল ছাড়া বাকি ছয়টি কেন্দ্রের ফলে সুরঞ্জিত সরকার পেয়েছেন ৩ হাজার ৩৯ ভোট। আর নৌকার প্রার্থী পেয়েছেন ২ হাজার ১৫০ ভোট। এই দুই কেন্দ্র ছাড়া সুরঞ্জিত সরকার ৮৮৯ ভোটে এগিয়ে ছিলেন।
পারিলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ১৪৬ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ৭৯৯ ভোট। সুরঞ্জিত সরকার পেয়েছেন ১৬৩ ভোট। অপর এক স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৫৭ ভোট। পাশের খোলাগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৯৪ ভোটের মধ্যে নৌকা পেয়েছে ৮৫৬ ভোট। সুরঞ্জিত সরকার পেয়েছেন মাত্র ৮৪ ভোট। আরেকজন স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন মাত্র ২৬ ভোট। এই পাশেই সুরঞ্জিত সরকারের বাড়ি। এই কেন্দ্রেই তাঁর বেশি ভোট পাওয়ার কথা ছিল।
সুরঞ্জিত সরকার অভিযোগ করেন, তিনি ভোটের দিন সকালে গিয়ে দেখেন, তাঁর এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। তিনি গিয়ে অভিযোগ করার পরে প্রশাসনের লোকজন এজেন্টদের ঢুকতে দেন, কিন্তু তাঁদের কিছুই করার ছিল না। নৌকার সমর্থকেরা ভোট কেটে নিয়েছেন।
সুরঞ্জিত সরকার গত নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন। তাঁর অভিযোগ, সে সময় স্থানীয় সাংসদ আয়েন উদ্দিন বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়ে তাঁকে হারিয়ে দিয়েছিলেন। এবার বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দিতে না পেরে তাঁর ছেলে বাবলু হোসেনকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ প্রার্থী বাবলু হোসেন জানান, অভিযোগ সঠিক নয়। পারিলাডাঙ্গা ও খোলাগাছি তাঁর নিজের এলাকায়। ছয়টি গ্রাম মিলে দুটি কেন্দ্র। ছয় গ্রাম বললেই উপজেলার সবাই জানেন, এটা তাঁর নিজের এলাকা। সবার সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক। এ কারণে কেউ স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট হতে চাননি। কোথাও বাধা দেওয়া বা ভয়ভীতি দেখানোর ঘটনা ঘটেনি। পারিলাডাঙ্গা কেন্দ্রে সারাদিন ১৫–২০ জন সাংবাদিক ছিলেন। তাঁরা নিজের চোখেই দেখেছেন। কোনো অনিয়ম হয়নি। নৌকার এজেন্টকে দেখিয়ে সিল মারার ব্যাপারে তিনি বলেন, এ রকম কোনো ঘটনা তাঁর জানা নেই। কেউ যদি করে থাকেন, তাহলে তা তাঁর ব্যক্তিগত ব্যাপার।
উপজেলার ছয়টি ইউনিয়নের সব কটিতেই নৌকা প্রার্থী জয়লাভ করেছেন। ভোট চলাকালে বেলা ৩টার দিকে মোহনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জয়নুল আবেদীনকে মুঠোফোনে পারিলাডাঙ্গার কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়ে ভোট কেটে নেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। জয়নুল আবেদীন জানান, এর আগে একজন সাংবাদিক অভিযোগ করেছেন। তা ছাড়া কোনো প্রার্থী তাঁকে এ বিষয়ে অভিযোগ করেননি।