এত টাকা যায় কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে প্রতিবছর ২০০ টাকা উন্নয়ন ফি আদায় করে কলেজ। এখন কলেজে শিক্ষার্থী ৩৭ হাজার ৪৮৭ জন। এই হিসাবে বছরে উন্নয়ন ফি আদায় হয় প্রায় ৭৫ লাখ টাকা। কিন্তু গত এক বছরে চোখে পড়ার মতো কোনো উন্নয়ন দেখেননি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, উন্নয়ন ফির টাকা দিয়ে প্রশাসন ইচ্ছে করলেই বন্ধ থাকা তিনটি ছাত্রাবাস চালু করতে পারে। কিন্তু তা করা হচ্ছে না।
অবশ্য কলেজ প্রশাসনের দাবি, তারা উন্নয়ন ফির টাকা দিয়ে উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুরোনো একটি ভবন সংস্কার করেছে। কলেজের ভেতরে রাস্তাও করা হয়েছে।
চিকিত্সা ভাতা তহবিলে প্রতিবছর শিক্ষার্থীপ্রতি ২০ টাকা আদায় করা হয়। এর পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে সাত লাখ টাকা। কিন্তু সাড়ে ৩৭ হাজার শিক্ষার্থীর জন্য নেই কোনো চিকিত্সক, নেই চিকিত্সাকেন্দ্র।
এভাবে ২৩টি খাতে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে বছরে বিভিন্ন অঙ্কের টাকা আদায় করছে কলেজ প্রশাসন। অবশ্য কলেজের হিসাবরক্ষণ বিভাগে গিয়ে এ টাকার মোট পরিমাণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে ভর্তি-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, এ বছর শুধু স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি হয়েছেন ৪ হাজার ১০০ শিক্ষার্থী। তাঁদের কাছ থেকে এসব খাতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা আদায় করেছে প্রশাসন। এর মধ্যে শুধু নিবন্ধন ফি রয়েছে প্রায় ২০ লাখ টাকা। অর্থাৎ অন্যান্য খাতে প্রায় কোটি টাকা আদায় হচ্ছে।
কিন্তু এসব খাতের বিপরীতে সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রশ্ন, এত টাকা আদায় হয়, সেগুলো যায় কোথায়?
অবশ্য কলেজের অধ্যক্ষ সামস্-উল আলম প্রথম আলোকে বলেন, আগে হয়তো বিভিন্ন খাতে নেওয়া টাকা ঠিকভাবে ব্যয় হতো না। এখন উন্নয়ন খাতের টাকা উন্নয়ন খাতেই খরচ হয়। অন্য খাতের অর্থও একইভাবে ব্যয় হয়।
কলেজে বর্তমানে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির সময় মানবিক ও ব্যবসায় শাখার একজন শিক্ষার্থীকে ২ হাজার ৮২৫ টাকা এবং বিজ্ঞান শাখার শিক্ষার্থীকে ৩ হাজার ৭৫ টাকা দিতে হয়। এর মধ্যে বিভাগগুলো আলাদা রসিদে ব্যবস্থাপনা ফির নামে আদায় করে ২৫০ টাকা। কিন্তু শিক্ষার্থীরা জানেন না, এই ফি আসলে কোন ব্যবস্থাপনায় ব্যয় হয়।
এ বিষয়ে কলেজের একজন শিক্ষক দাবি করেন, ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন কাজে জড়িতদের পারিশ্রমিক হিসেবে টাকাও এখান থেকে দিতে হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশিকা অনুযায়ী, স্নাতক শ্রেণিতে একজন শিক্ষার্থীর কাছ থেকে নিবন্ধনসহ চারটি খাতে (নিবন্ধন ফি ৪৫০ টাকা, ক্রীড়া ও সংস্কৃতি ২০ টাকা, বিএনসিসি ৫ টাকা, রোভার স্কাউট ১০ টাকা) ৪৮৫ টাকা নেওয়ার সুযোগ রয়েছে। এর বাইরে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী কয়েকটি খাতে টাকা নেওয়ার সুযোগ থাকলেও সেখানে স্পষ্ট বলা আছে, যে খাতের নামে অর্থ আদায় করা হবে, সেই খাতে তা ব্যয় করতে হবে। তবে প্রয়োজন ছাড়া এ অর্থ আদায় করা যাবে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুযায়ী স্নাতক প্রথম বর্ষে ভর্তির সময় শিক্ষার্থীপ্রতি নিবন্ধন ফি ৪৫০ টাকা। কিন্তু আজিজুল হক কলেজে নেওয়া হচ্ছে ৬২০ টাকা। শিক্ষকেরা বলছেন, নিবন্ধনের সঙ্গে অধিভুক্তি (কোনো বিভাগ চালুর অনুমোদন) ফি মিলিয়ে এই টাকা নেওয়া হচ্ছে। অর্থাৎ অধিভুক্তি ফি নেওয়া হচ্ছে ১৭০ টাকা।
এ বিষয়ে কলেজের একজন শিক্ষক বলেন, অধিভুক্ত নবায়নসহ প্রতি বিভাগের জন্য চার বছরে ২৫ হাজার টাকা বিশ্ববিদ্যালয়কে দিতে হয়। তাই এ টাকা শিক্ষার্থীদের কাছ থেকেই আদায় করা হয়। শিক্ষকেরাও মনে করেন, অধিভুক্তি ফি বারবার নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তা বন্ধ করছে না।
জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নোমান উর রশীদ প্রথম আলোকে বলেন, প্রতিবছর নবায়ন হিসেবে তাঁরা এই অর্থ নিচ্ছেন।
পরিবহন বা বাস তহবিলের জন্য সব শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় প্রতিবছর ২২৫ টাকা করে। এই হিসাবে বছরে আদায় হয় প্রায় ৮৪ লাখ টাকা। কিন্তু বাস আছে মাত্র ছয়টি। এই ছয়টি বাসে কয়েক শ শিক্ষার্থী গাদাগাদি হয়ে যাতায়াত করেন। অথচ আবাসিক সুবিধা না থাকায় হাজার হাজার শিক্ষার্থীকে দূর-দূরান্ত থেকে যাতায়াত করতে হয়।
সেমিনার ফি বাবদ স্নাতক শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষায় নেওয়া হচ্ছে ৪০০ টাকা এবং বিজ্ঞানে ৫৫০ টাকা করে। এর পাশাপাশি পরীক্ষাগার উন্নয়ন ও শিক্ষা সফর বাবদ নেওয়া হচ্ছে ১৫০ (১০০+৫০) টাকা করে। বইপুস্তক কেনার কথা বলে সেমিনার ফি নেওয়া হলেও কোনো বিভাগেই পর্যাপ্ত বই নেই বলে কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন।
পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, শিক্ষা সফর কোনো কোনো বছর হলেও সে জন্য আলাদা টাকা দিতে হয়। তাহলে কেন্দ্রীয়ভাবে কেন এই টাকা নেওয়া হবে?
বিবিধ তহবিল খাতে সব শ্রেণির শিক্ষার্থীপ্রতি আদায় করা হয় ১০০ টাকা। তবে এ বিবিধ বিষয়ের কোনো ব্যাখ্যা কলেজ কর্তৃপক্ষের কাছে নেই। একইভাবে অভ্যন্তরীণ ক্রীড়া ও কমন রুম তহবিল বাবদ ৪০ টাকা এবং বহিঃক্রীড়া তহবিল বাবদ শিক্ষার্থীপ্রতি ৫০ টাকা আদায় করা হয়।
ম্যাগাজিন ফি বাবদ প্রতিবছর সব শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৩০ টাকা করে আদায় করা হয়। কিন্তু শিক্ষার্থীরা ম্যাগাজিন পান না। ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, তিনি দুই বছরে কোনো ম্যাগাজিন পাননি।
তবে কলেজের অধ্যক্ষ বলেন, আলাদাভাবে না করলেও গত বছর একুশে সংকলন বের করা হয়েছিল। তবে মুদ্রণসংখ্যাটি কত, তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।