এতিমখানায় তিন শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, মাদ্রাসার সুপার গ্রেপ্তার
সুনামগঞ্জের ছাতকে একটি মাদ্রাসার এতিমখানায় এক বছর আগে তিন শিশুকে মারধরের ভিডিও সম্প্রতি ভাইরাল হলে ওই প্রতিষ্ঠানের সুপার আবদুল মুকিতকে (৪০) গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকাল নয়টায় ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ছাতক থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে পুলিশ জানিয়েছে।
গত বছরের ২১ ডিসেম্বর এ ঘটনা ঘটে। রাতে ঘুমের মধ্যে ঘরের মেঝেতে তিন শিশু প্রস্রাব করেছিল বলে আবদুল মুকিত তাদের এমন শাস্তি দেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ছাতক উপজেলায় হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদ্রাসাটি অবস্থিত। এটির সুপার হলেন একই উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা আবদুল মুকিত। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আবদুল মুকিত মাদ্রাসার তিন শিশুশিক্ষার্থীকে একটি কক্ষে ঢুকিয়ে স্টিলের স্কেল দিয়ে মারধর করছেন। মারধরের শিকার শিশুরা চিৎকার করছে। তাঁর হাতে–পায়ে ধরেও মারধর থেকে রক্ষা পায়নি শিশুরা। এ সময় ওই কক্ষে আরও তিন শিক্ষক ছিলেন। এর মধ্যে মিছবাহ উদ্দিন নামের এক শিক্ষক ঘটনাটি ভিডিও করেন।
ছাতক থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান আবদুল মুকিতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে থানায় মামলা হবে বলে তিনি জানান।