এপ্রিল মাসে কুমিল্লা সিটি নির্বাচনের পরিকল্পনায় ইসি
আগামী এপ্রিল মাসেই কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে গতকাল রোববার সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ।
নির্বাচন কমিশন সচিব বলেন, ‘এপ্রিলে কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি আমাদের রয়েছে। চলতি মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম দিকেই তফসিল ঘোষণা করা হতে পারে।’ তিনি আরও জানান, নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক আজ সোমবার অনুষ্ঠিত হবে। এ বৈঠকে কুমিল্লা সিটি নির্বাচনের পাশাপাশি সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনের বিষয়েও কথা হবে। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়ে পড়েছে।
বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনের ব্যাপারে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নতুন ইসির অধীনে অনুষ্ঠিত প্রথম এই নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু করার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি আরও বলেন, সব মহল থেকে ইতিবাচক সাড়া পেলে ইসি ডিজিটাল ভোটিং মেশিন চালু করবে। এ মেশিনের নিরাপত্তাব্যবস্থা খুব জোরদার বলে এতে কারসাজির আশঙ্কা নেই।