এপ্রিলের মাঝামাঝি থেকে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়াদের কোয়ারেন্টিনের পরামর্শ

চলতি মাসের মাঝামাঝি থেকে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া রোগীসহ সবাইকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এ বিষয়ে প্রচার চালানো হয়।
প্রতিরোধ কমিটি সূত্র জানায়, করোনাভাইরাসের বিস্তারের ক্ষেত্রে কিশোরগঞ্জকে হটস্পষ্ট জেলা ঘোষণা করা হয়েছে। জেলার ১৩ উপজেলার মধ্যে আক্রান্তের দিক দিয়ে ভৈরবে সর্বাধিক ৪১ জন। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আট চিকিৎসকসহ ২২ জন স্বাস্থ্যকর্মী আছেন। স্বাস্থ্যকর্মীদের মধ্যে প্রথম সংক্রমণ ধরা পড়ে ১৭ এপ্রিল। ওই দিন একজন চিকিৎসক ও একজন নার্সের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে সংখ্যা বেড়ে ২২–এ দাঁড়ায়।
করোনা প্রতিরোধ কমিটির ধারণা, আক্রান্ত হওয়ার আগে ওই আট চিকিৎসকের কাছ থেকে অন্তত কয়েক শ মানুষ সরাসরি চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে এসেছেন আরও কয়েক শ মানুষ। ফলে প্রত্যেকের সংক্রমণ ঝুঁকি রয়ে গেছে। বিধি–বিধানের কারণে আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের নাম প্রকাশ করা যাচ্ছে না। আবার এই সময়ের মধ্যে কারা কারা আক্রান্তদের সংস্পর্শে এসেছেন—এমন তালিকাও কমিটির কাছে নেই। ফলে ব্যক্তি ধরে সংস্পর্শে আসাদের সতর্ক করা যাচ্ছে না। ফলে সময়কাল উল্লেখ করে সবাইকে বাড়িতে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব। তিনি বলেন, মনে হচ্ছে পুরো হাসপাতালে করোনাভাইরাসের জীবাণু আছে। সে কারণে কয়েক দিন ধরে সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে স্বাস্থ্যকর্মী শনাক্ত হওয়ার কাছাকাছি সময়ে যারা হাসপাতালে এসেছিলেন, তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। তাই তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তাঁরা যদি কোয়ারেন্টিন পালন করেন, তাহলে আক্রান্তের হার সহজে নিয়ন্ত্রণে আসবে। তা না হলে ভুগতে হবে।