এবার অক্সিজেন নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন সেই আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় আক্রান্ত রোগীদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য এস এম আলমগীর হোসেন।
ছবি: সংগৃহীত

দিন-রাত যখনই ফোন আসছে তখনই অক্সিজেন সিলিন্ডার কাঁধে ছুটছেন করোনায় আক্রান্ত রোগীর বাড়ি এস এম আলমগীর হোসেন। রোগীর অক্সিজেন লেভেল মেপে নিজ হাতে পরিয়ে দিচ্ছেন অক্সিজেন মাস্ক। আবার সিলিন্ডারে অক্সিজেন ফুরিয়ে গেলে তা রিফিল (পরিপূর্ণ) করার ব্যবস্থাও করছেন। সবই করছেন নিজ খরচে।

আলমগীর হোসেন (৩৫) খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। এলাকায় সবাই তাঁকে আলম মেম্বর নামেই চেনেন।

গত বছর করোনার সময় এলাকার গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিসেবা কার্যক্রম চালু করেছিলেন আলমগীর। করোনার কারণে যখন হাসপাতালগুলো বন্ধ ছিল তখন গর্ভবতী মায়েদের সঙ্গে চিকিৎসক ও পুষ্টিবিদদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ করিয়ে দিতেন। পরে তাঁদের পরামর্শ অনুযায়ী অর্ধশতাধিক অন্তঃসত্ত্বাকে সব ধরনের পুষ্টিকর খাবার নিশ্চিত করার ব্যবস্থা করেছিলেন। ওই সময় প্রতিদিন এলাকার ৬০০ মানুষকে খিচুড়ি রান্না করে বাড়ি বাড়ি পৌঁছে দিতেন আলমগীর। করোনায় আক্রান্তদের মৃতদেহ দাফনসহ  সচেতনতামূলক প্রচারণাও চালিয়েছেন এই জনপ্রতিনিধি। তাঁর এসব কার্যক্রম নিয়ে চলতি বছরের প্রথম দিন প্রথম আলোতে ‘জনপ্রতিনিধিরা হয় যেন আলমগীরের মতো’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এ বছর গ্রামাঞ্চলে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রথম থেকেই বিভিন্ন সচেতনতামূলক কাজ শুরু করেন আলমগীর। সর্বশেষ গত মাসে রূপসা উপজেলার প্রত্যন্ত গ্রামে অক্সিজেনের অভাবে কয়েকজন মারা যাওয়ার ঘটনা ঘটে। এরপর গত ২৮ জুন কয়েকটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে গড়ে তোলেন ‘আলো ফুটবেই অক্সিজেন সেবা’। এখন পর্যন্ত ২৫ জনকে এই অক্সিজেন সেবা দিয়েছেন আলমগীর। পাশাপাশি আবার চালু করেছেন গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিসেবা কার্যক্রম।

‘আলো ফুটবেই’ নামে আলমগীরের একটি সংগঠন রয়েছে। ওই সংগঠনের ব্যানারে প্রতিবন্ধীদের একটি স্কুল চালাতেন। কিন্তু করোনার কারণে তা প্রায় দেড় বছর ধরে বন্ধ। ওই সংগঠনের ব্যানারেই স্বেচ্ছাশ্রমে বিভিন্ন সেবামূলক কাজ করেন আলমগীর। বর্তমানে অক্সিজেন সেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন পাঁচজন সদস্য।

নৈহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিনমজুর আজগর আলী শেখ (৫২) ১৪ থেকে ১৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন। শুরুতে গুরুত্ব না দিলেও পরে করোনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। চার দিন আগে শ্বাসকষ্টও বেড়ে যায়। ব্যাপারটি জানানোর সঙ্গে সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই বাড়িতে চলে যান আলমগীর। চার দিন ধরে বাড়িতেই অক্সিজেন দিয়ে রাখা হয়েছে আজগর আলীকে। আজগরের ছোট ভাই মো. হায়দার আলী শেখ বলেন, ‘জীবন-মরণের মালিক আল্লাহ। কিন্তু তারপরও সময়মতো আলমগীর মেম্বর অক্সিজেন নিয়ে না এলে ভাইয়ের অবস্থা যে কী হতো, তা বলা মুশকিল।’

আলমগীর হোসেন বলেন, গ্রামের মানুষ তুলনামূলক সচেতন কম। গায়ে জ্বর এলে বা করোনা উপসর্গ দেখা দিলেও খুব বেশি গুরুত্ব দেন না। কিন্তু যখন শ্বাসকষ্ট বেড়ে যায় তখন ছোটেন হাসপাতালে। তত দিনে চিকিৎসকদের আর কিছু করার থাকে না। গ্রামের কয়েকজন মারা গেছেন এভাবেই। এরপর অক্সিজেন সেবা কার্যক্রম চালু করা হয়। কারও শ্বাসকষ্ট শুরু হলে প্রাথমিকভাবে যেন তাঁকে বাঁচানো যায় সেই ব্যবস্থা করা হয়েছে।

নিজ ওয়ার্ড ও ইউনিয়নের পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফোন এলেও ছুটে যাচ্ছেন আলমগীর ও তাঁর স্বেচ্ছাসেবকেরা। মাঝেমধ্যে পুলিশি ঝামেলাও পড়তে হচ্ছে। আলমগীর বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্বেচ্ছাসেবী কার্ড পাওয়ার জন্য মৌখিক আবেদন করেছিলেন। কিন্তু তাঁকে সেই কার্ড দেওয়া হয়নি।

তবে ইউএনও রুবাইয়া তাছনিম স্বেচ্ছাসেবী কার্ড চাওয়ার পরও কাউকে ফিরিয়ে দেওয়া হয়েছে কি না, তা তিনি বলতে পারেননি। তিনি বলেন, যদি কেউ সত্যিই অক্সিজেন সেবা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাঁকে স্বেচ্ছাসেবী কার্ড দেওয়া হবে।