জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা মহিলা হলের প্রাধ্যক্ষ সিরাজুম মুনিরা পদত্যাগের পর এবার জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার বরাবর আবেদন করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রেজিস্ট্রার বরাবর আবেদনপত্রটি জমা দেন তিনি।
ওই আবেদনপত্রে সিরাজুম মুনিরা উল্লেখ করে বলেন, গত বৃহস্পতিবার সকালে বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের দুজন অনুসারী তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। তাঁরা অশ্লীল অঙ্গভঙ্গিতে তাকাতে থাকেন এবং অট্টহাসি প্রদর্শন করতে থাকেন, যা তাঁর জন্য অপমানজনক। এ ছাড়া হলের প্রাধ্যক্ষের পদ থেকে পদত্যাগের পর থেকে প্রতিনিয়ত তাঁর মুঠোফোনে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তার অভাবে তিনি এখন বাসায় বন্দী অবস্থায় আছেন। রাকিবের অনুসারী ছাত্রলীগ নেতারা তাঁর বাসার আশপাশে ঘোরাফেরা করে তাঁর ওপর নজর রাখছেন।
এ বিষয়ে রেজিস্ট্রার হুমায়ুন কবীর বলেন, এ ধরনের একটি আবেদন তিনি হাতে পেয়েছেন। নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় ইতিমধ্যে সিরাজুম মুনিরার বাসার সামনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান বলেন, তিনি কোনো খারাপ আচরণ করেননি এবং টাকাপয়সা চাননি।
এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা মহিলা হলে বিজয় দিবসের বিশেষ খাবারের আয়োজনের টাকা হাতে তুলে না দেওয়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসানের বিরুদ্ধে দোলনচাঁপা মহিলা হলের প্রাধ্যক্ষসহ পাঁচ শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বুধবার প্রাধ্যক্ষ সিরাজুম মুনিরাসহ পাঁচ আবাসিক শিক্ষক একযোগে পদত্যাগ করেন।
এ ঘটনার পর শিক্ষক পরিষদের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করে বিবৃতি দিয়েছিলেন এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় না আনা হলে সব শিক্ষক কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এ পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন আহমেদুল বারীকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য জালাল উদ্দীন বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সিরাজুম মুনিরার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।