এবার তাঁদের ৫০ কিলোমিটার ‘পদব্রজযাত্রা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইকেল ট্রাভেলার্স অব সিলেটের আয়োজনে ‘মুক্তিযুদ্ধের জন্য একদিন’ শিরোনামে ৫০ কিলোমিটার পদযাত্রা ও সাইক্লিং করেন অংশগ্রহণকারীরা। টিলাগড় এলাকা, সিলেট, ১১ ডিসেম্বর
আনিস মাহমুদ

‘পদব্রজযাত্রা’ নামে কর্মসূচির সূচনা। সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি নিয়ে এ রকম পদযাত্রা হয় ২০১৮ ও ২০১৯ সালের বিজয় দিবসে। প্রথম যাত্রায় ৪৮ কিলোমিটার পথ হেঁটেছিলেন অংশগ্রহণকারীরা। গত বছর বিজয় দিবস সামনে রেখে ১৪ ডিসেম্বর ৪৯ কিলোমিটার পথ হাঁটেন তাঁরা।

এবার বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী সামনে রেখে পদযাত্রা ছিল ৫০ কিলোমিটার পথ। আজ শুক্রবার তাঁরা এ কর্মসূচি পালন করছেন। হেঁটে ৯ জন, সাইকেল চালিয়ে ৪ জনসহ মোট ১৩ জন এ কর্মসূচিতে অংশ নেন।

‘মুক্তিযুদ্ধের জন্য একদিন’ ব্যানার প্রদর্শন করে সকাল ছয়টার দিকে সিলেট নগরীর রিকাবিবাজার পয়েন্ট থেকে তাঁদের পদযাত্রা শুরু হয়। নগরীর উত্তর–পশ্চিম এলাকার মদিনা মার্কেট-পাঠানটুলা হয়ে তারাপুর চা-বাগানে গণহত্যার স্মারকস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখান থেকে আলীবাহার চা-বাগানের রাস্তা হয়ে বিমানবন্দর সড়কের পাশে মালনীছড়া চা-বাগানের বধ্যভূমিতে গিয়ে শ্রদ্ধা জানানোর পর শুরু হয় ৫০ কিলোমিটার গন্তব্যে চলা। নগরীর আম্বরখানা-টিলাগড়-খাদিমনগর বাইপাস রোড ধরে ফেঞ্চুগঞ্জ সড়কের লালমাটিয়া বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে শিববাড়ি-কদমতলী-ঝালোপাড়া, কিনব্রিজ হয়ে নগরীর বন্দরবাজার-জিন্দাবাজার হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হবে ৫০ কিলোমিটার যাত্রা পথ। সকাল ছয়টা শুরু হয়ে রাত আটটায় শেষ হবে এই পদযাত্রা।

২০১৮ সালের বিজয় দিবস সামনে রেখে শুরু এই পদযাত্রার নেতৃত্ব দেন কাজি সাহি। এবার তাঁর সঙ্গে নুরুল ইসলাম, মোর্শেদুল ইসলাম, আবদুল্লাহ আল মুহসীন, তৌফিকুল ইসলাম, হৃদয় আহমদ, মোহেব বিন এমদাদ, পার্থ দে ও নারী পদযাত্রিক তম্রিসা তিথি পদযাত্রা করেন। তাঁদের সঙ্গে সাইকেল চালিয়ে অংশ নেন সাইক্লিস্ট সৈয়দ তাওহীদুল ইসলাম, কাজী সুহেল তানভীর, নাজমুল হুদা, আসলাম মাহমুদ। একজন নারী পদযাত্রিকের অংশ নেওয়া এবারই প্রথম বলে জানিয়েছেন আয়োজকেরা।

ভোরে কুয়াশা ভেদ করে চলে তাঁদের পদযাত্রা। যাঁরা হাঁটছিলেন, তাঁরা রাস্তার এক পাশে চলছিলেন সারিবদ্ধভাবে। তাঁদের আগে সাইকেল চালিয়ে চলছিলেন সাইক্লিস্টরা। অধিকাংশের পরনে ছিল জাতীয় পতাকার আদলে টি–শার্ট। সাইক্লিস্টরা কেউ কেউ সাইকেল রেখে হাঁটছিলেন। পাশে ছিল তাঁদের পদযাত্রার ব্যানার বহনকারী একটি মাইক্রোবাস। ‘মুক্তিযুদ্ধের জন্য একদিন (তৃতীয় পর্ব)’ ব্যানারের সঙ্গে পদযাত্রার উদ্দেশ্য প্রচার করা হচ্ছিল সেখান থেকে। যাত্রাপথ থেকে আয়োজকেরা জানিয়েছেন, সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা পথ হাঁটার পর দুজন পদযাত্রিক ও দুজন সাইক্লিস্ট অসুস্থ বোধ করায় তাঁরা ফিরে গেছেন। বাকি ৯ জন পদযাত্রা সমাপ্ত করবেন।
পদযাত্রার সমন্বয়ক কাজি সাহি গত ১৭ মার্চ মুজিব বর্ষের সূচনায় বঙ্গবন্ধুর সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত ১০০ কিলোমিটার পথ হেঁটেছিলেন। তিনি একজন সাইক্লিস্ট। সিলেট সাইকেল কমিউনিটির একজন সদস্য। এখন বেসরকারি একটি চাকরি করছেন। পড়াশোনা ও কাজের পাশাপাশি ঘুরে বেড়ানো আর সামাজিক কাজে বেশি ব্যস্ত থাকতে পছন্দ করেন তিনি।

গত বছর বিজয় দিবস সামনে রেখে তাঁর নেতৃত্বে ৪৯ কিলেমিটার পদযাত্রা হয়েছিল সিলেট শহর থেকে ৪৯ কিলোমিটার দূরে বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর বধ্যভূমি এলাকায়। সেই যাত্রায় সাক্ষাৎ পান জামাল উদ্দিনের। তিনি সিলেট শহরতলির লালমাটিয়া এলাকায় বধ্যভূমিটি ৩০ বছর ধরে বিজয় দিবসে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ‘বিজয় নিশান’ ওড়ান। তাঁকে নিয়ে গত বছরের ১৬ ডিসেম্বর প্রথম আলোয় ‘স্মৃতি রক্ষায় তিনি বিজয় নিশান ওড়ান ৩০ বছর’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছিল। পরে জামাল উদ্দিনকে নিয়ে পদযাত্রায় অংশ নেওয়া তরুণেরা মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ ও উপজেলা প্রশাসনে বধ্যভূমি সংরক্ষণের জন্য লিখিত আবেদন করেন।
কাজি সাহি জানান, এবারও লালমাটিয়া এলাকায় জামালের সঙ্গে বিজয় নিশান ওড়াবেন তাঁরা। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবিতে মানববন্ধন করবেন।
তিন বছর ধরে পদযাত্রা করার উদ্দেশ্য সম্পর্কে কাজি সাহি বলেন, ‘যত দিন যাচ্ছে আস্তে আস্তে করে মুক্তিযোদ্ধারা বিদায় নিচ্ছেন। এর সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো ধূসর ও বিলীন হয়ে যাচ্ছে। ৫০ বছর হয়ে গেছে, দেখতে দেখতে আরও ৫০ বছর কেটে যাবে, তখন হয়তো আমরাও থাকব না। কিন্তু কালের ইতিহাসে এই স্মৃতি ও সাক্ষীগুলো যাতে না হারিয়ে যায়, সে জন্য নতুন প্রজন্ম এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতনতা প্রচারে আমাদের এই পদযাত্রা।’