এবার পদ্মায় ধরা পড়ল ১৬ কেজির কাতলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় জেলের জালে ধরা পড়া ১৬ কেজির কাতলা
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে এবার ধরা পড়ল প্রায় ১৬ কেজি ওজনের একটি কাতলা মাছ। এক ব্যবসায়ী ২৩ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, সোমবার সকালে অন্য জেলেদের সঙ্গে পদ্মায় মাছ শিকারে যান উপজেলার বাহিরচর দৌলতদিয়ার জেলে সাগর শেখ। ফেরিঘাট থেকে তিন কিলোমিটার ভাটিতে পদ্মার মোহনায় দুপুরে জাল ফেলেন তিনি। পরে নৌকায় জাল তুলতেই দেখেন, বড় কাতলা। বেলা দেড়টার দিকে বিক্রির জন্য তিনি মাছটি নিয়ে আসেন ফেরিঘাটে। সঙ্গে সঙ্গে তাঁর কাছ থেকে মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘সোমবার বেলা একটার দিকে সাগর শেখ মাছটি ধরার পর মুঠোফোনে আমাদের জানান। বেলা দেড়টার দিকে ফেরিঘাটে নিয়ে এলে ওজন করে দেখি কাতলাটি ১৫ কেজি ৮০০ গ্রামের। পরে দরদাম চূড়ান্ত হলে সাগরের কাছ থেকে ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে ২২ হাজার ৯০০ টাকায় কিনে নিই।’

শাহজাহান শেখ আরও বলেন, কাতলা মাছটি বিক্রির জন্য বিভিন্ন পরিচিত ব্যক্তির মুঠোফোন ও মেসেঞ্জারে ছবি ও ভিডিও পাঠাই। পরে ময়মনসিংহের ব্যবসায়ী ইমরান হোসেন মাছটি কেনার আগ্রহ দেখান। মাত্র আধা ঘণ্টার মধ্যে বেলা দুইটার দিকে তাঁর কাছে কেজিতে ৫০ টাকা লাভে ১ হাজার ৫০০ টাকা দরে ২৩ হাজার ৭০০ টাকায় বিক্রি করি।’

শাহজাহান শেখ জানান, গত এক সপ্তাহে পদ্মায় জেলেদের জালে ১০ থেকে ১২টি বড় বোয়াল, পাঙাশ, কাতলা ও বাগাড় জাতীয় মাছ ধরা পড়েছে। পানি কমতে থাকায় অনেক ধরনের মাছ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, ইদানীং মাঝেমধ্যে বড় কাতলা, পাঙাশ, বোয়াল ও বাগাড় জাতীয় মাছ ধরা পড়ছে। এতে জেলেদের পাশাপাশি স্থানীয় মাছ ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন।