এবার কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও পেশাজীবী পরিষদের নেতারা। একই সঙ্গে প্রতিবাদ সমাবেশ করেছেন তরুণ সচেতন নাগরিকেরা। গতকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন সময়ে এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা ‘অন্য কোনো নামে নয়, কুমিল্লা নামেই বিভাগ চাই’ স্লোগান দেন। ‘ময়নামতি’ নাম প্রত্যাহার করে জেলা শহর কুমিল্লার নামে বিভাগ করার দাবিতে গত মঙ্গলবার থেকে নগরের কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও মিছিল অব্যাহত আছে।
আয়োজকেরা জানিয়েছেন, বেলা ১১টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে কুমিল্লার সব স্তরের খেলোয়াড়, ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বদের যৌথ উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এক মানববন্ধন হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি দিলীপ কুমার পাল, শিবলী নোমানী, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম, সদস্য মো. মনজুর কাদের, আতিকুর রহমান আব্বাসী, খায়রুল আলম, আবদুল মুকিত, ফয়সল বারী প্রমুখ।
এদিকে বেলা তিনটায় কুমিল্লা টাউন হলের সামনের সড়কে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক চিকিত্সক গোলাম মহিউদ্দিন, সদস্যসচিব রমিজ খান, চিকিত্সক নজরুল ইসলাম, শিক্ষক সারওয়ার জাহান ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ।
এ ছাড়া বিকেল চারটায় টাউন হলের প্রধান ফটকের সামনে জাগ্রত মানবিকতা, সচেতন নাগরিকবৃন্দ, কুমিল্লার সচেতন নাগরিকসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ হয়। একই সময়ে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়।