এবার বরখাস্ত হলেন গাজীপুর সিটির মেয়র এম এ মান্নান
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (সিটি করপোরেশন-২ শাখা) সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
ফৌজদারি মামলায় অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার আইনের সংশ্লিষ্ট বিধানের উল্লেখ করে এম এ মান্নানকে বরখাস্ত করা হয়। এর আগে সিলেটের আরিফুল হক চৌধুরী এবং রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুলকে একই কারণে বরখাস্ত করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের সহকারী সচিব নেজামুল হক জানান, গতকাল বেলা দুইটার দিকে মেয়র মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশের কপি ই-মেইলের মাধ্যমে পাওয়া গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এম এ মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় দায়েরকৃত ফৌজদারি মামলার (নং [১০৪(১২)১৪] জি.আর নং ১৫৭১/১৪) অভিযোগপত্র গাজীপুর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১২ মে গৃহীত হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ (২০০৯ সালের ৬০ নং আইন)-এর ধারা ১২-এর উপধারা (১) মোতাবেক সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হলে সাময়িক বরখাস্তের বিধান রয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এ কারণে মেয়র এম এ মান্নানকে উল্লিখিত ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেয়র মান্নানকে গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলা মামলায় ১১ ফেব্রুয়ারি ঢাকার বারিধারার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। মান্নানের বিরুদ্ধে হওয়া কয়েকটি মামলার মধ্যে ইতিমধ্যে দুটি মামলায় অভিযোগপত্র দাখিল হয়েছে। গত ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।