এবার বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ৩৮টি বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আদিতমারী উপজেলায় নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪০টি বিদ্যালয় আছে। নিয়ম অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজ দায়িত্বে প্রশ্নপত্র তৈরি করে বার্ষিক পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু উপজেলার ৩৮টি বিদ্যালয় এ নিয়ম ভঙ্গ করে উপজেলা শিক্ষক সমিতির তৈরি করা প্রশ্নপত্র কিনে পরীক্ষা নিচ্ছিল। কিন্তু গতকাল সকাল ১০টায় গণিতের পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
এ অবস্থায় বিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা স্থগিত ঘোষণা করে। এই পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
তবে কোন স্কুল থেকে প্রশ্ন ফাঁস হয়েছে এবং এর জন্য কে বা কারা দায়ী, তা জানা সম্ভব হয়নি। সম্প্রতি প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।
পশ্চিম ভেলাবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং ডক্টর সাফিয়া খাতুন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার বর্মণ বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় পরীক্ষা স্থগিত করা হয়। তবে নিয়ম ভেঙে কেন বাইরে থেকে প্রশ্ন কিনে পরীক্ষা নেওয়া হচ্ছিল, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি এ দুই শিক্ষক।
হঠাৎ করে পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার খবরে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। মহিষখোঁচা বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী তানজিলা আক্তার বলে, ‘সকালে পরীক্ষা দিতে গিয়ে শুনি প্রশ্ন ফাঁস হয়েছে। অনেকেই নাকি প্রশ্ন পেয়েছেও। তাই পরীক্ষা হলো না।’
জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) এ কে এম মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র বিদ্যালয়গুলোর নিজ নিজ দায়িত্বে করতে হবে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তাকে রোববার (আজ) প্রতিবেদন দিতে বলা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহুরুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত করে রোববারের মধ্যে প্রতিবেদন দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, তদন্ত প্রতিবেদন পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে। তিনি বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বাইরে থেকে প্রশ্ন না কিনে নিজেরা তৈরি করে পরীক্ষা নিতে জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে লিখিতভাবে বলা হয়েছিল। বাইরে থেকে কেনা প্রশ্নে পরীক্ষা নেওয়ায় গত বছর জেলার মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। জবাবে তাঁরা জানিয়েছিলেন, পরবর্তী সময়ে নিজেরাই প্রশ্নপত্র করে পরীক্ষা নেবেন। কিন্তু এবার আবারও তাঁরা আইন ভেঙে সমিতির কাছ থেকে প্রশ্ন কিনেছেন।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘একটি যথাযথ প্রশ্নপত্র তৈরি করার মতো যোগ্যতা ও দক্ষতা এখনকার অধিকাংশ শিক্ষকেরই নেই। এ জন্যই সমিতির পক্ষ থেকে প্রশ্নপত্র ছাপিয়ে দেওয়া হয়।’ মোজাম্মেল হক বর্তমানে উপজেলার ভাদাই গিরিজা শংকর উচ্চবিদ্যালয়ের চুক্তিভিত্তিক শিক্ষক।
উপজেলার হাজীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এবং ভেলাবাড়ী স্কুল নামের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ম মেনে পরীক্ষা নিয়েছে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা।