এবার বিটি তুলা উৎপাদনের সিদ্ধান্ত
তুলা উন্নয়ন বোর্ড এবার হাইব্রিড জাতের বিটি তুলা উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গায় সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পের (ফেজ-১) আওতায় তুলাচাষি সমাবেশ ও মতবিনিময় সভায় তুলা উন্নয়ন বোর্ড, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা এ তথ্য জানান।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিনের সভাপতিত্বে চুয়াডাঙ্গা পৌর এলাকার মুন্সিপাড়ায় তুলাখেতের পাশে সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম আযাদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান। স্বাগত বক্তব্য দেন সম্প্রসারিত তুলা চাষ প্রকল্পের (ফেজ-১) প্রকল্প পরিচালক ফরহাদ হোসেন।
ফরিদ উদ্দিন বলেন, তুলার আয়ুষ্কাল বর্তমানে সাড়ে ছয় মাস হলেও তা কমিয়ে সাড়ে চার মাসে আনার জন্য গবেষণা চলছে। এ জন্য চীন থেকে বিটি তুলার বীজ আনা হয়েছে। ভারতসহ আরও কয়েকটি দেশ থেকে বীজ আনার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। পরীক্ষা-নিরীক্ষার পর তা শিগগিরই তুলাচাষিদের মধ্যে দেওয়া হবে।
ফরিদ উদ্দিন বলেন, দেশের চার শতাধিক স্পিনিং মিলে বার্ষিক তুলার চাহিদা ৫০ লাখ বেল (১৮২ কেজিতে এক বেল)। সারা দেশে বর্তমানে তুলার উৎপাদন হয় মাত্র ১ লাখ ৫০ হাজার বেল, যা মোট চাহিদার মাত্র ৩ শতাংশ। চাহিদার বাকি ৯৭ শতাংশ তুলা আমদানি করতে হয়। এ জন্য বাংলাদেশি মুদ্রায় ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা খরচ হয়ে থাকে। অথচ পরিকল্পিতভাবে তুলা উৎপাদন করতে পারলে খুব স্বল্প সময়েই চাহিদার অন্তত ২০ শতাংশ অর্থাৎ ১০ হাজার বেল তুলা উৎপাদন এবং পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে। তিনি বলেন, মূল খাদ্য উৎপাদন ব্যাহত না করে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তুলাকে লাভজনক ফসলে পরিণত করতে হবে। এ জন্য পাহাড়ি, খরাপ্রবণ, উপকূল ও চরাঞ্চল হিসাব করে খরা ও লবণসহিষ্ণু জাত সংগ্রহ ও উৎপাদনে চাষিদের সম্পৃক্ত করা হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম আযাদ বলেন, ‘তুলা চাষে প্রধান সমস্যা দীর্ঘ জীবনকাল। আমাদের গবেষণার বিষয় স্বল্প সময়ে উচ্চফলনশীল তুলা উৎপাদন। এ জন্য বিটি তুলাকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘গবেষক হিসেবে বলতে পারি, বিটি তুলা চাষ করে কৃষকেরা লাভবান হবেন।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান বলেন, এখন ১০০ দিনে ব্রি ৬২ এবং ১১০ দিনে ব্রি ৪৮ জাতের ধান চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। জীবনকাল কমিয়ে আনায় বছরে দুই থেকে তিনটি ফসল হচ্ছে। ধানে সম্ভব হলে তুলার ক্ষেত্রেও তা হবে।
সচিব শ্যামল কান্তি ঘোষ বলেন, চাষিরা এখন কোনো ফসল আবাদ করার আগে অন্য ফসলের সঙ্গে লাভ-ক্ষতির তুলনা করেন। সে বিষয়টি মাথায় রেখে প্রযুক্তি ও উন্নত জাত সংগ্রহে কৃষি মন্ত্রণালয় কাজ করছে।