এবার বিশ্ববিদ্যালয়ের ওপর 'খুনের দায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজেদের কর্মীকে হত্যার দায় এবার বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে চাপিয়ে দিল ছাত্রলীগ। গতকাল শনিবার সিলেট নগর ও জেলা ছাত্রলীগ এক যৌথ সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ওপর এই দায় চাপায়। এদিকে গতকাল এ ঘটনায় হত্যা মামলা করেছেন ছাত্রলীগের নিহত কর্মী সুমন চন্দ্র দাসের মা।

মাত্র এক দিন আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগ ‘সংগঠন থেকে বহিষ্কৃত ও বহিরাগত সন্ত্রাসীদের’ খুনের ঘটনাটিতে দায়ী করেছিল।
গতকাল সন্ধ্যা ছয়টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে নগর ও জেলা ছাত্রলীগ ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য দেন নগর ছাত্রলীগের সহসভাপতি রাহাত তরফদার ও জেলা সভাপতি শাহরিয়ার আলম। জেলা ও নগর কমিটির অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত ক্যাম্পাস অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, ‘শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ করে নিজেদের ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছে। তারা ছাত্রলীগের ওপর দোষ চাপানোরও পাঁয়তারা করছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ছাত্রলীগের দায়িত্ব নয়। তাই খুনের দায় বিশ্ববিদ্যালয় এড়াতে পারবে না।’
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষকালে ছাত্রলীগের কর্মী সুমন চন্দ্র দাসকে হত্যার ঘটনায় ‘প্রকৃত সন্ত্রাসী’ গ্রেপ্তারেরও দাবি জানানো হয় এ সংবাদ সম্মেলনে। বিশ্ববিদ্যালয়ের ওপর খুনের দায় চাপানো প্রসঙ্গে শাহরিয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘এটা আমাদের কোনো একক বক্তব্য নয়। কেন্দ্রকে অবহিত করে ও ঘটনা পর্যবেক্ষণ করে আমরা এই দাবি জানিয়েছি।’
দুই মামলা দায়ের: সুমন হত্যাকাণ্ডে সিলেটের জালালাবাদ থানায় গতকাল তাঁর মা প্রতিমা দাস বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১২০ জনকে আসামি করা হয়েছে। একই দিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সংঘর্ষের ঘটনায় একটি মামলা করেন। মামলাটিতে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন দুই মামলা দায়েরের বিষয় নিশ্চিত করে বলেন, এসব মামলার তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে।
আটক আরও চার: গতকাল দুপুরে পুলিশ সিলেট নগরের বাগবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের আরও চার কর্মীকে আটক করেছে। এঁরা হলেন, গণেশ চন্দ্র (২১), বিদ্যুৎ দাস (২২), নারায়ণ বৈশ্য (২৩) ও সুমন (২২)। চারজনই সংঘর্ষে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। এ নিয়ে বৃহস্পতিবার থেকে গতকাল বিকেল পর্যন্ত আটক হলেন ছাত্রলীগের ৩১ কর্মী।
এদিকে সংঘর্ষকালে ছাত্রলীগের দুই পক্ষই পুলিশের চোখের সামনে আগ্নেয়াস্ত্রসহ বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রশস্ত্রের মহড়া দিলেও সে সময় অনেকটা নীরব দর্শকের ভূমিকায় দেখা যায় তাদের। সংঘর্ষ শেষে অভিযান চালিয়ে মাত্র একটি রিভলবার ও ১৯টি রামদা উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা।