এবার স্থলপথে বিদেশে নিয়ে মুক্তিপণ আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে বিদেশে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনার পর এবার স্থলপথে নিয়ে একইভাবে মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বরগুনার পাথরঘাটা উপজেলার কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, সেখানকার প্রত্যন্ত গ্রাম থেকে হতদরিদ্র লোকজনকে মানব পাচারকারী চক্র ভালো বেতনের চাকরি দেওয়ার কথা বলে ভারতে নিয়ে যাচ্ছে। পরে সেখানে আটকে রেখে মুক্তিপণের বিনিময়ে তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে।
জিম্মি দশা থেকে মুক্তিপণ দিয়ে ফিরে আসা কয়েকজনের ভাষ্যমতে, গত দেড় বছরে পাথরঘাটার বিভিন্ন গ্রাম থেকে অন্তত ৩০০ জনকে চাকরির কথা বলে স্থলপথে ভারতে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কেউ মুক্তিপণ দিয়ে ফিরেছেন, কেউ সে দেশের কারাগারে আছেন, কেউ ক্রীতদাসের মতো পাচারকারীদের অধীনে থেকে ‘পেটেভাতে’ কাজ করছেন, কারও আবার খোঁজই নেই।
প্রথম আলোর অনুসন্ধানে পাচারের শিকার এ রকম ৩৩ জনের পরিচয় জানা গেছে। তিনটি চক্রের খপ্পরে পড়ে তাঁরা পাচারের শিকার হন। এই ৩৩ জনের মধ্যে ১২ জন গত অক্টোবর মাসে ২৫ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে দেশে ফিরেছেন। ১৯ জন ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ে বর্তমানে সে দেশের কারাগারে আছেন। আর দুজন মুক্তিপণের টাকা দিতে না পারায় সেখানে পাচারকারীদের হাতে কার্যত বন্দী আছেন। ভুক্তভোগীরা বলেন, মাসে ১৫-২০ হাজার টাকা পারিশ্রমিকের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ২৫ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে তাঁদের স্থলপথে ভারতে পাচার করা হয়।
নির্যাতন: পাচারের শিকার হওয়ার চার মাস পর মুক্তিপণ দিয়ে ভারত থেকে ফিরেছেন পাথরঘাটার ইব্রাহিম, বশির খান, মধু ফকির, শামীম প্যাদাসহ এমন আটজনের সঙ্গে কথা হয়। ইব্রাহিম বলেন, উপজেলার হাড়িটানা গ্রামের নূর হোসেন ফকিরের ছেলে মহিম ফকির তাঁদের ভারতে নেন। তাঁরা বলেন, মহিম ফকিরের স্ত্রীর কাছে ২৫ হাজার টাকা করে দেওয়ার পর গত রমজান মাসের প্রথম দিকে তাঁদের সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দরের বৈরাগী বাজার সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয়। এরপর কয়েকজন লোক পশ্চিমবঙ্গের কলকাতায় তাঁদের মহিম ফকিরের কাছে পৌঁছে দেন। মহিম সেখানে তাঁদের একটি তৈরি পোশাক কারখানায় কাজ দেন। তবে মাস শেষে বেতনের অর্থ মহিম নিয়ে নেন। কাজের বদলে দুই বেলা খাওয়া ছাড়া তাঁরা আর কিছুই পাননি। বেতনের টাকা চাইলে মহিম ও তাঁর লোকজন তাঁদের মারধর করেন। একপর্যায়ে হুমকি দেন, টাকা না দিলে মহিম তাঁদের মেরে কিডনি বিক্রি করবেন। প্রাণভয়ে তাঁরা স্বজনদের ফোন করে এসব জানালে তাঁরা বাংলাদেশে মহিমের ভাই আলম ফকিরকে ২৫ থেকে ৫০ হাজার টাকা দেন। টাকা পাওয়ার পর মহিম তাঁদের দেশে পাঠান।
ফিরেছেন যাঁরা: মুক্তিপণ দিয়ে গত অক্টোবরে ফেরা ১২ জন হলেন বশির খান, মধু ফকির, ইব্রাহিম হাওলাদার, শামীম প্যাদা, মো. সবুজ, ইব্রাহিম, বেল্লাল ফকির, ইসমাইল ফকির, জামাল হোসেন, শামীম মুন্সী, আল আমিন ও আছমা বেগম।
আর পুলিশের হাতে আটক হয়ে পশ্চিমবঙ্গের হাওড়া কারাগারে আটক আছেন ১৯ জন। তাঁদের মধ্যে রয়েছেন উপজেলার পদ্মা গ্রামের জামাল আকন (৩২), কোড়ালিয়া গ্রামের জসিম গাজী (২৪), একই গ্রামের মো. মিজান ফরাজী (২৮), খুলনার দীঘলিয়া উপজেলার চন্দনিমহল গ্রামের রবিউল শেখ (২৫), বাগেরহাট সদর উপজেলার পাকুরশাই গ্রামের আরিফ শেখ (১৮), একই গ্রামের নাজমুল হোসেন (২২) ও বাড়ুইপাড়া গ্রামের আজিজুল মোড়ল (২৩)। পশ্চিমবঙ্গের হাওড়া জেলা মুখ্য বিচারিক হাকিম গত ৭ সেপ্টেম্বর অনুপ্রবেশের দায়ে এই সাতজনকে ১২০ দিনের সশ্রম কারাদণ্ড দেন। ২৮ জুন শালিমার থানার পুলিশ এই সাতজনকে আটক করে।
একই কারাগারে আটক আছেন আরও ১২ জন। তাঁরা হলেন দক্ষিণ চরদুয়ানি গ্রামের বাবু চৌকিদার, নবী হোসেন, নবী হোসেনের স্ত্রী মুন্নি বেগম, খোকন পহলান, বেলায়েত গাজী, তাঁর স্ত্রী লাচ্চু বেগম ও ছেলে রনি গাজী, আমেনা বেগম, তামান্না বেগম ও পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের মনি বেগম এবং বরগুনা সদর উপজেলার লিটন হাওলাদার ও তাঁর স্ত্রী। এ ছাড়া কোড়ালিয়া গ্রামের বেল্লাল আকন ও বাদুরতলার রিয়াজ মণ্ডল ভারতে গিয়ে এখনো ফেরেননি।
পাচারকারী চক্র: ভুক্তভোগীদের অভিযোগ, পাথরঘাটা উপজেলার হাড়িটানা গ্রামের নূর হোসেন ফকিরের ছেলে মহিম ফকির একটি চক্রের নেতৃত্ব দেন। তিনি পশ্চিমবঙ্গে অবস্থান করে এই ‘ব্যবসা’ নিয়ন্ত্রণ করছেন। লোক সংগ্রহ, সীমান্তে পৌঁছে দেওয়া ও অর্থ আদায় করছেন তাঁর স্ত্রী মরিয়ম বেগম, শ্যালক ফারুক কবিরাজ, শ্বশুর হেমায়েত কবিরাজ, ভাই আলম ফকির ও স্বপন ফকির। অপর চক্রটি পরিচালনা করছেন পাথরঘাটার কোড়ালিয়া গ্রামের মিজান ওরফে নোয়াখালী মিজান ও তাঁর বাবা মোস্তফা কামাল। পার্শ্ববর্তী বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা এলাকার অহিদ উদ্দীন ও তাঁর স্ত্রী মাহিনূর বেগম ভারতের বেঙ্গালুরুতে অবস্থান করে আরেকটি চক্রের নেতৃত্ব দিচ্ছেন। রায়েন্দা এলাকায় তাঁদের হয়ে লোকজন সংগ্রহ করছেন পারভীন বেগম, জুয়েল, হাবিব খান, শাহীন খান ও শহিদুল ইসলাম।
মহিম ফকিরের স্ত্রীর সঙ্গে বেশ কয়েকবার দেখা করে কথা বলতে চাইলেও তিনি তাতে রাজি হননি। মহিমের ছোট ভাই আলম ফকির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই মহিম কলকাতায় থাকে এবং তার স্ত্রী মরিয়ম বেগম লোকজন সংগ্রহ, টাকাপয়সার লেনদেন করে। আমি এর সঙ্গে জড়িত নই।’ একইভাবে রায়েন্দা এলাকায় অহিদ উদ্দীনের হয়ে কাজ করা পারভীন বেগম মানব পাচারের কথা স্বীকার করে মুঠোফোনে বলেন, তাঁরা রায়েন্দা ও পাথরঘাটা থেকে লোকজন সংগ্রহ করে ভারতের বেঙ্গালুরুতে পাঠান। সেখানে অহিদ উদ্দীন, শাহিন খান, হাবিব খান ও মাহিনূর বেগম এসব লোককে কাজ ধরিয়ে দেন।
পাথরঘাটার কোড়ালিয়া গ্রামের সন্দেহভাজন আরেক পাচারকারী মিজান ওরফে নোয়াখালী মিজান ও তাঁর পরিবারের কাউকে এলাকায় পাওয়া যায়নি। নাম গোপন রাখার শর্তে ওই এলাকার এক ব্যক্তি বলেন, মিজান ও তাঁর পরিবার চট্টগ্রামে থেকে এই ‘ব্যবসা’ নিয়ন্ত্রণ করে। লোক জোগাড় হলে এলাকায় এসে তাঁদের নিয়ে যায়।
জানতে চাইলে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, ‘মহিম ফকিরসহ কয়েকটি পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে মানব পাচার চালাচ্ছে। আমার কাছে পাচারের শিকার কয়েক ব্যক্তি মৌখিক অভিযোগ করেছে। আমি তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।’
যোগাযোগ করা হলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, ‘এ ধরনের অভিযোগও কেউ নিয়ে আসে না। তবে আমরা এখন থেকে নজর রাখব।’
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ বলেন, ‘নদী-সাগরপথসহ তীরবর্তী এলাকায় আমাদের নজরদারি রয়েছে। তবে মানব পাচারের কোনো তথ্য আমাদের কাছে নেই।’