ভবদহ অঞ্চল
এবারও বোরো চাষ অনিশ্চিত
পাঁচ বছর আগেও ভবদহ অঞ্চলের ২৫ হাজার হেক্টরে বোরো আবাদ হতো। কিন্তু জলাবদ্ধতার কারণে পাঁচ বছর ধরে এসব জমিতে বোরো আবাদ হচ্ছে না।
যশোরের ভবদহ অঞ্চলে বোরো চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এলাকার বিলগুলো জলাবদ্ধ হয়ে থাকায় অন্তত ২৫ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন কৃষকেরা। বিল থেকে পানি সরিয়ে ফেলার ব্যবস্থা না নিলে এসব জমিতে ধান আবাদ করা সম্ভব হবে না জানিয়েছেন তাঁরা। এ পরিস্থিতিতে বোরা আবাদ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ভবদহ অঞ্চলের ৫০ হাজার কৃষক।
যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ ভবদহ অঞ্চল হিসেবে পরিচিত। ভবদহ অঞ্চলে অন্তত ৫২টি ছোট-বড় বিল আছে। মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদ-নদীর জোয়ারভাটার সঙ্গে এসব বিলের পানি ওঠানামা করে। কিন্তু পলি পড়ায় নদীগুলো নাব্যতা হারিয়েছে। ফলে নদী দিয়ে পানি নিষ্কাশিত হচ্ছে না। এ অবস্থায় বর্ষা মৌসুমে বিলগুলোতে জলাবদ্ধতা দেখা দেয়। এই অবস্থায় গত ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের ভারী বৃষ্টিতে অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার অন্তত ১২০টি গ্রাম তলিয়ে যায়।
অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা তিনটির ভবদহ অঞ্চলে কৃষক আছেন প্রায় ৫০ হাজার। ওই অঞ্চলে প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হতো। ডিসেম্বর থেকে শুরু থেকে এপ্রিল পর্যন্ত বোরো মৌসুম। বোরোর বীজতলা তৈরির সময় ১৫ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। বোরো ধানের চারা রোপণের সময় ১ থেকে ৩১ জানুয়ারি। গত বছর ভবদহ অঞ্চলের প্রায় চার হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়েছিল। বিল বোকড়, বিল খুকশিয়া, বিল কেদারিয়া, বিল কপালিয়া, বিল ডুমুর এবং বিল পায়রার ওপরের অংশে সেচ দিয়ে বোরো ধান চাষ করেছিলেন কৃষকেরা।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, ভবদহ অঞ্চলের বিল বোকড়, বিল কেদারিয়া, বিল কপালিয়া, বিল গান্ধিমারি, বিল গজালমারি ও বিল পায়রায় শুধু পানি আর পানি। বিলের কোথাও কোনো ধানখেত নেই। বিলের পানিতে ভাসছে শাপলা।
অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামের কৃষক নির্মল বিশ্বাসের বিলে জমি আছে পাঁচ বিঘা। জমিতে তিনি বোরো চাষ করতেন। জলাবদ্ধ থাকায় পাঁচ বছর ধরে তিনি তাঁর জমিতে বোরো চাষ করতে পারেননি। তিনি বলেন, ‘বিল শুধু জল আর জল। পাঁচ বছর ধরে একই অবস্থা। এবারের অবস্থা আরও খারাপ। এবার একটিও ধানের চারা লাগানোর মতো অবস্থা নেই। খুব কষ্টে আছি।’
মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের কৃষক প্রভাষ বিশ্বাসের বিলে জমি আছে দেড় বিঘা। সব জমি জলাবদ্ধ। তিনি বলেন, ‘এখনো বিলে ছয়-সাত হাত জল। পাঁচ বছর কোনো ধানের মুখ চোখে দেখিনি। এবারও ধান হবে না। পরিবারে চারজন লোক। এবার না খায়ে মত্তি হবে।’
মনিরামপুর উপজেলা কৃষি কার্যালয়ে সূত্র জানায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বোরো চাষের জমি প্রায় ১০ হাজার হেক্টর। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘কয়েক বছর ধরে ভবদহ অঞ্চলের বিলগুলো জলাবদ্ধ হয়ে থাকছে। এবারের অবস্থা আরও খারাপ। পানি নামছে না। এবার বিলগুলোতে বোরোর আবাদ হবে না।’
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ‘জলাবদ্ধতা সমস্যার সমাধানে টিআরএমের (টাইডল রিভার ম্যানেজমেন্ট-জোয়ারাধার) কোনো বিকল্প নেই। বারবার সিদ্ধান্ত নেওয়া হলেও টিআরএম বাস্তবায়ন করা হচ্ছে না।’
এ বিষয়ে পাউবো যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, জলাবদ্ধতার সমস্যা সমাধানে বড় পরিসরে সেচের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আট কিলোমিটার নদী খনন করা হবে। এতে পানির প্রবাহ সৃষ্টি হবে।