এবারের ছুটিতে রাঙামাটিতে পর্যটক একটু বেশি
টানা তিন দিন ছুটি থাকায় সারা দেশ থেকে ভ্রমণপ্রেমীরা রাঙামাটির বিভিন্ন বিনোদনকেন্দ্রে আসছেন। ইতিমধ্যে শহরের হোটেল ও মোটেলগুলোর ৯০ শতাংশ বুক্ড হয়েছে। বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটনকেন্দ্রের রিসোর্ট ও কটেজগুলোর ১০০ শতাংশ বুক্ড হয়েছে। এর বাইরেও অনেক পর্যটক এসেছেন। সংশ্লিষ্টরা ব্যক্তিরা জানান, এবারের ছুটিতে রাঙামাটিতে পর্যটক একটু বেশি এসেছেন।
আজ বৃহস্পতিবার বিজয় দিবসের সরকারি ছুটি। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এই ছুটিতে রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো পর্যটকের পদচারণে মুখর হয়ে উঠেছে। কাপ্তাই হ্রদ ও সাজেক পর্যটনকেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
পর্যটন ব্যবসায় যুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন বিনোদনকেন্দ্র বন্ধ ছিল। এতে হোটেল ও মোটেল মালিকদের আয় কমে যায়। করোনার সংক্রমণ কমে যাওয়ায় বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়ার পরও তেমন পর্যটক আসেননি। তবে এবারে ছুটিতে রেকর্ড–সংখ্যক পর্যটক আসছেন।
সরেজমিন দেখা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতুসহ প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকেরা। কাপ্তাই হ্রদ ও ঝুলন্ত সেতু ছাড়াও হ্রদের পারের বার্গি, চাংপাং, গাঙ সাবারাং, পেদা টিংটিং, জুমঘর, বড়গাঙ, ইজোর, রাজবাড়ি ও রাজবন বিহারে ঘুরছেন ভ্রমণপ্রেমীরা।
রাঙামাটির আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতি সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরে ৫৩টি হোটেল ও মোটেল রয়েছে। প্রতিদিন অন্তত চার হাজার অতিথি সেখানে থাকতে পারেন। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা পাঁচ শতাধিক।
সাজেকের রুইলুই পর্যটনকেন্দ্র চালু হওয়ার পর ৮ বছরে অন্তত ১২৫টি রিসোর্ট ও কটেজ নির্মাণ করা হয়। এখন এটি দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। ১৮ ডিসেম্বরের মধে৵ রিসোর্ট ও কটেজের কক্ষ বুক্ড হয়ে যায়। এসব কক্ষে ৩ হাজার ৫০০ অতিথি থাকতে পারেন। আজ ১৬ ডিসেম্বর ৫ থেকে ৬ হাজার পর্যটক ভ্রমণে গেছেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
হিলভিউ রিসোর্টের মালিক ইদ্রো চাকমা বলেন, এবার টানা তিন দিন ছুটিতে রেকর্ড–সংখ্যক পর্যটক এসেছেন। সাজেকে কোনো রিসোর্ট ও কটেজে কক্ষ খালি নেই। এত পর্যটক কোথায় থাকবেন বুঝতে পারছেন না।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের নৌযান ঘাটের নৌযান মালিক সমিতির সভাপতি মো. রমজান আলী প্রথম আলোকে বলেন, অন্যান্য ছুটির দিনের চেয়ে এবারের ছুটিতে সবচেয়ে বেশি পর্যটক এসেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে ৫০টি নৌযান ভাড়া হয়েছে। যা অন্যান্য সময়ে হয় না। ঝুলন্ত সেতুতেও অনেক পর্যটক দেখা গেছে।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ চাকমা বলেন, তাঁদের দুটি কমপ্লেক্স ও তিনটি কটেজে ৮৮টি কক্ষ রয়েছে। এর মধ্যে ৮০ শতাংশের আগাম বুকিং রয়েছে। আজ বৃহস্পতিবার থেকে ছুটি শুরু হয়েছে। আজকের মধ্যে হয়তো আরও ১০ শতাংশ ভাড়া হয়ে যাবে। এবারের ছুটিতে পর্যটকের সংখ্যা একটু বেশি।
রাঙামাটি হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন জানান, প্রথম শ্রেণির হোটেল-মোটেল আগে বুক্ড হয়ে গেছে। অল্প কিছু বাকি আছে। আশা করছেন বৃহস্পতিবারের মধ্যে তা–ও ভাড়া হয়ে যাবে। কারণ, এবারের ছুটিতে পর্যটকের সংখ্যা একটু বেশি।
সাজেক পর্যটনকেন্দ্রের রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেবর্বমন প্রথম আলোকে বলেন, ১২৫টি রিসোর্ট ও কটেজের সব কক্ষ দেড় মাস আগে ভাড়া হয়ে গেছে। এসব রিসোর্ট ও কটেজে প্রায় সাড়ে তিন হাজার অতিথি থাকতে পারবেন। তবে এবার বেশি পর্যটক এসেছেন বলে তিনি জানান।