পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার নির্বাচন ২৮ ডিসেম্বর। এ নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন কুয়াকাটা পৌর বিএনপির আহ্বায়ক মো. আবদুল আজিজ। তিনি দীর্ঘ ১৫ বছর লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আসন্ন নির্বাচন ও কুয়াকাটা পৌরসভার সমস্যা-সম্ভাবনা নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ।
প্রশ্ন :
কুয়াকাটা পৌরসভার প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এবার দ্বিতীয় নির্বাচনেও আবার বর্তমান মেয়রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নিয়ে আপনার মত কী?
আবদুল আজিজ: সত্যিকার অর্থে প্রথম নির্বাচন একটুও ভালো হয়নি। সকাল ১০টার মধ্যে প্রতিটি কেন্দ্র দখল করা হয়েছিল। বহিরাগত, সন্ত্রাসী কর্মী বাহিনী কেন্দ্রে কেন্দ্রে ঢুকে ব্যালট কেটে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করেছে। ওই নির্বাচন কোনো নির্বাচন ছিল না। এটা ছিল একটা প্রহসনমাত্র। এবার ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো হচ্ছে। আমাদের প্রত্যাশা থাকবে এবারের নির্বাচনটা যেন বিগত নির্বাচনের মতো না হয়।
প্রশ্ন :
এবার প্রথমবারের মতো কুয়াকাটা পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হবে। সবাই কী মনে করছেন?
আবদুল আজিজ: ভোট প্রদানের জন্য এটা একটি ডিজিটাল পদ্ধতি। কেউ কেউ বলছেন, ধানের শীষে ভোট দিলে প্রযুক্তির কৌশলে নৌকায় চলে যাবে। আবার ভোটাররা এমন প্রযুক্তিতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কি না, তা নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত। প্রার্থী হিসেবে এ নিয়ে আমিও দ্বিধাগ্রস্ত। নির্বাচন কমিশনের উদ্যোগে ইভিএম পদ্ধতিতে কীভাবে ভোট দিতে হবে, তা ভোটারদের দেখানোর কাজ শুরু করা হয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত এ নিয়ে কী হয়।
প্রশ্ন :
কুয়াকাটা পৌরসভা নিয়ে আপনার পরিকল্পনা কী?
আবদুল আজিজ: কুয়াকাটা লতাচাপলী ইউনিয়নের একটি গ্রাম ছিল। পর্যটন সম্ভাবনার কারণে এখন তা পৌরসভা হয়েছে। এখনো কাঁচা রাস্তা রয়েছে। ড্রেন-কালভার্ট নেই। পানি নিষ্কাশনের পরিপূর্ণ ব্যবস্থা নেই। যার কারণে বর্ষা মৌসুমে পৌরসভার একটি বড় অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মেয়র নির্বাচিত হলে এসব কাজকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করব।
প্রশ্ন :
ভোটারদের কাছে আপনি কী বলে ভোট চাইছেন। ভোটাররা কেন আপনাকে ভোট দেবেন?
আবদুল আজিজ: জমি দখল, সন্ত্রাসী কার্যক্রমে কুয়াকাটার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত। অনেকে মামলা-মোকদ্দমায় দিশেহারা। তা ছাড়া সরকারি ত্রাণ সুবিধা সাধারণ ভোটাররা বিগত সময়ে পাননি। শুধু আওয়ামী লীগ সমর্থিত লোকজনই ঘুরেফিরে ত্রাণ পেয়েছে। এসব কারণে আমি মনে করি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে ভোটাররা আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।
প্রশ্ন :
মেয়র নির্বাচিত হলে পৌরসভার নাগরিকসহ পর্যটকদের জন্য নতুন কিছু করার পরিকল্পনা আছে কি?
আবদুল আজিজ: অনেক শিক্ষিত, তরুণ-যুবক আছেন। তাঁদের কর্মসংস্থান হচ্ছে না। কুয়াকাটা যেহেতু একটি পর্যটনকেন্দ্র, এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। সে জন্য আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব। এখানে শিক্ষিত, বেকার যুবক-তরুণরা কাজ শিখে আয় করতে পারবেন। তা ছাড়া বহু জেলে সাগরে মাছ ধরতে গিয়ে মারা যান, তাঁদের সমাহিত করার জন্য কোনো কবরস্থান নেই। একটি কবরস্থান করা হবে। সেই সঙ্গে খেলার মাঠ, শিশুপার্ক এবং একটি শিশু বিকাশ কেন্দ্র করার পরিকল্পনা রয়েছে।
প্রশ্ন :
পৌর এলাকায় মাদক, সন্ত্রাস দমনে কী করবেন?
আবদুল আজিজ: প্রতিটি ওয়ার্ডে সাধারণ নাগরিকদের সঙ্গে সভা করে মাদক-সন্ত্রাস দমনে ওয়ার্ডভিত্তিক কমিটি করা হবে। তা ছাড়া এ কমিটির সঙ্গে প্রতি মাসে সভা করা হবে। সাধারণ নাগরিকদের মতামত নিয়ে আমরা মাদক-সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখতে পারব।
প্রশ্ন :
কুয়াকাটা সৈকতসহ পাশের এলাকা নোংরা-অপরিষ্কার। ময়লা-আবর্জনায় ভরে থাকে। দুর্গন্ধে মানুষ অনেক সময় চলতে পারে না। এ সমস্যা সমাধানে আপনি কী পদক্ষেপ নেবেন?
আবদুল আজিজ: আসলে ময়লা-আবর্জনা অপসারণ করে ফেলার জন্য পৌর কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ‘ডাম্পিং প্লেস’ করতে পারেনি। এটা সবার আগে জরুরি ছিল। আমি মেয়র নির্বাচিত হতে পারলে দ্রুত একটি জায়গা চিহ্নিত করে ‘ডাম্পিং প্লেস’ তৈরি করব।
প্রশ্ন :
কুয়াকাটা সৈকতসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে গড়ে তোলা হয়েছে বহু অবৈধ স্থাপনা। যার কারণে কুয়াকাটার সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। এসব অবৈধ স্থাপনা অপসারণ করতে পারবেন কি?
আবদুল আজিজ: আসলে এর সঙ্গে জড়িত রয়েছে প্রভাবশালী টাকাওয়ালারা। স্থানীয় প্রশাসন পৌরসভার সহায়তা নিয়ে প্রায় সময়ই এদের উচ্ছেদ করে। কিছুদিন যাওয়ার পর দেখা যায় আবার অবৈধ স্থাপনা তোলা হয়। কেউ কেউ আদালতের নিষেধাজ্ঞা নিয়ে বসে আছে। তবে যাহোক, দেশের অন্যতম এ পর্যটনকেন্দ্রকে সুন্দর-আকর্ষণীয় করে তুলতে আমার আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।
প্রশ্ন :
আওয়ামী লীগের প্রার্থীসহ তাঁদের অনুসারীরা বলছেন আপনি বিরোধী দলের প্রার্থী। আপনি নির্বাচিত হলে কুয়াকাটার উন্নয়ন ব্যাহত হবে। মানুষজন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। এ নিয়ে আপনার বক্তব্য কী?
আবদুল আজিজ: আসলে তাঁদের এ কথার কোনো যৌক্তিকতা নেই। স্থানীয় সরকারব্যবস্থায় বরাদ্দ যা থাকে, তা এমনিতেই পাওয়া যাবে। তাতে সরকারি আর বিরোধী দলের কিছু নেই। তা ছাড়া আমি মেয়র নির্বাচিত হলে স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ বাস্তবায়ন করব। কৃতিত্বটা তো সরকারেরই থাকবে।
প্রথম আলো: সাক্ষাৎকারের জন্য সময় দেওয়ায় আপনাকে ধন্যবাদ।
আবদুল আজিজ: প্রথম আলোকেও ধন্যবাদ।