‘এভাবে আর কদিন ব্যাঁচি থাকা যায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামের পর গ্রামে পানি আর পানি। রাস্তা, ফসলি জমি ও চিংড়ির ঘের সব পানিতে একাকার হয়ে আছে।
ছবি: প্রথম আলো

গ্রামের পর গ্রামে পানি আর পানি। রাস্তা, ফসলি জমি ও চিংড়ির ঘের সব পানিতে একাকার হয়ে আছে। বোঝার উপায় নেই, কোনটা রাস্তা আর কোনটা ফসলি জমি বা চিংড়ির ঘের। প্রতাপনগর এলাকার মানুষের মধ্যে হতাশের সুর। আম্পানে ভেঙে যাওয়া এসব বাঁধ কী আর মেরামত হবে না! তাঁদের এ ইউনিয়ন কী নদীতে মিশে যাবে! হারিয়ে যাবে তাঁদের ঠিকানা ও পরিচয়!

আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া গ্রামজুড়ে এমন হারানোর ভয়।

গ্রামের বাসিন্দা হাফিজা খাতুন বললেন, ‘এভাবে আর কদিন ব্যাঁচি থাকা যায়। বাড়ির মধ্যি দে তিন মাস ধুরে চলতে জুয়ার–ভাটা। পানি কুমতে না। কবে যে বাঁধ বান্দা হবে, তা কেউ কতি পারে না। গেরামে কাজ নি, ঘরে খাবার নি। এভাবি আর কদিন চললি মরে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না।’

প্রতাপনগর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে ৭০ কিলোমিটার দূরে কপোতাক্ষ নদ আর খোলপেটুয়া নদীর পাশে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। এ ইউনিয়নের ৮ হাজার ১১৮ পরিবারের লোকসংখ্যা প্রায় ৩৬ হাজার। প্রতাপনগর ইউনিয়নের উত্তর পাশ ছাড়া তিন পাশে পানি উন্নয়ন বোর্ডের ৪০ কিলোমিটার বেড়িবাঁধ দিয়ে বেষ্টিত কপোতাক্ষ নদ আর খোলপেটুয়া নদী। পানি উন্নয়ন বোর্ডের এসব বাঁধ প্রতিবছর কয়েকবার ভাঙে। বাড়িঘর, ফসলের খেত ও চিংড়ির ঘের তলিয়ে যায়। বাঁধ ভাঙার কয়েক দিন পর আবার মেরামত করা হয়। এভাবে চলে এ এলাকার মানুষের জীবন।

কুড়িকাউনিয়া গ্রামের নজরুল ইসলাম কষ্টের কথা তুলে ধরে বলেন, ‘আম্পানে ঝড় আসলি ঘরবাড়ি ছেড়ে পাশের পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর আশ্রয় নিই। সারা রাত ছেলেমেয়ে নে কোনো রকমে জীবনটা বাঁচলিও এখন তো ব্যাঁচে থাকা দায় হয়ে পড়ে। ঘর আম্পানে ভেঙে গে। তিন মাস চুলে গেল বাড়ি ফিরতি পারনি। বাড়ির ওপর দে জুয়ার–ভাটা চলছে। ঘরে খাবার নি। চারিদিকে পানি, খাবার পানি নি।’ তিনি বলেন, এলাকায় কাজ নেই। ত্রাণের ব্যবস্থা নেই। টয়লেট নেই। নারীরা প্রস্রাব–পায়খানার জন্য অন্ধকার নামার অপেক্ষায় থাকেন। ভেঙে যাওয়া বাঁধ মেরামত করে দিলে আবার তাঁরা ঘুরে দাঁড়াতে পারতেন।

দীর্ঘদিন পানিতে ডুবে থেকে তাঁদের কাঁচাঘর ধসে পড়েছে বলে জানান দুই গ্রামবাসী ফরিদা খাতুন ও হাফিজা খাতুন। তাঁরা বলেন, রান্না করার মতো জায়গা নেই। চারদিকে পানি আর পানি। পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর তিন মাস ধরে বসবাস করছেন। কবে বাড়ি ফিরতে পারবেন, জানেন না। তাঁদের মতে, ত্রাণের চেয়ে আগে দরকার ভেঙে যাওয়া বাঁধের মেরামত।

ইউনিয়নে ১৮ গ্রামের মধ্যে কল্যাণপুর গ্রামের আংশিক ছাড়া সব গ্রামের ওপর দিয়ে জোয়ার–ভাটা চলছে। প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘মানুষ জোয়ারের সময় বাইরে থাকেন। আর ভাটার সময় রান্না, খাওয়াদাওয়া করেন। কতবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে বললাম, বাঁধ বেঁধে আমার ইউনিয়নের মানুষদের বাঁচান। কে শোনে কার কথা।’

তিনি জানান, ইউনিয়নের ৪০ কিলোমিটার বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ। এসব বাঁধ মেরামতের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। খোলপেটুয়া নদীর কুড়িকাউনিয়া, হাজরাখালী ও হিজলা কোলা এলাকার আটটি স্থান আম্পানে ভেঙে গেছে। দুই স্থানে ঠিকাদার নিয়োগ করা হলেও কাজের কোনো অগ্রগতি নেই।

পানি উন্নয়ন বোর্ডের বিভাগ-২ উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন বলেন, কুড়িকাউনিয়ার চারটি স্থানের ভাঙন রোধে প্রকল্প করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে কাজ হবে। ঠিকাদার দিয়ে দুই স্থানে কাজ করা হচ্ছে।