‘এভাবে ভর্তি পরীক্ষা প্রতিবছরই হওয়া উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে খ ইউনিটের পরীক্ষা হয়। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরীক্ষাকেন্দ্রের সামনে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভিড়। শনিবার সকালে।
প্রথম আলো।

নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা আজিজার রহমান সকালে মেয়েকে বাসে করে নিয়ে খুব সহজে রংপুরের ভর্তি পরীক্ষার কেন্দ্রে এসেছেন। তিনি বললেন, বাসে আসতে সময় লেগেছে এক ঘণ্টা। বাস থেকে নেমেই পরীক্ষার কেন্দ্র ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। নেই কোনো ঝক্কিঝামেলা, ভোগান্তি। সুন্দর পরিবেশ। অথচ এই পরীক্ষার জন্য ঢাকার কথা মনে হলেই গা শিউরে উঠত। এভাবে ভর্তি পরীক্ষা প্রতিবছরই হওয়া উচিত।

রংপুর বিভাগীয় শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে, অর্থাৎ আজ শনিবার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্রে আসা অনেক শিক্ষার্থী ও অভিভাবকে তাঁদের অনুভূতি এভাবে প্রকাশ করলেন। ঢাকায় যাতায়াতের ঝামেলা না পোহানোয় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মুখে ছিল স্বস্তি। অভিভাবকেরাও ছিলেন দুশ্চিন্তামুক্ত। করোনা পরিস্থিতির কারণে এই প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বিভাগীয় রংপুর শহরে অনুষ্ঠিত হলো।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ ‘খ’ ইউনিটে পরীক্ষার্থী ছিলেন ৬ হাজার ৬১১ জন।

পরীক্ষা শুরু হওয়ার আগে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কেন্দ্রে দেখা গেছে, সকল নয়টা থেকে শিক্ষার্থীরা আসছেন। কেন্দ্রের বাইরে প্রধান সড়কের এক পাশে সারিবদ্ধ হয়ে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছেন। এ সময় অভিভাবকদের অনেক দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিশ্বরোডের পাশে কেন্দ্র হওয়ায় বাস-ট্রাকগুলো এখানে ধীরে ধীরে চলাচল করেছে। পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করেছে।

রংপুর শহরের একজন ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী শারমিন আক্তার বলেন, ‘মনে হলো প্রতিদিনের মতো কলেজে এলাম। বাবা-মায়ের কোনো বাড়তি টেনশন নেই। অথচ আমার এই পরীক্ষা নিয়ে বাবার কত চিন্তা ছিল, ঢাকায় যেতে হবে। এতে অনেক খরচ হবে। ভর্তি পরীক্ষার সময় সবচেয়ে বড় সমস্যা রংপুর থেকে ঢাকায় যাওয়া-আসা এবং থাকার ব্যবস্থা করা। সেটি থেকে রেহাই পাওয়া গেল।’

ভর্তি পরীক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তা আরও বলেন, ৯ অক্টোবর একটি কেন্দ্রে ১ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী ‘চ’ ইউনিটে, ২২ অক্টোবর একটি কেন্দ্রে ১ হাজার ৩৬২ জন শিক্ষার্থী ‘গ’ ইউনিটে এবং ২৩ অক্টোবর ১১ হাজার ২১ জন শিক্ষার্থী চারটি কেন্দ্রে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা দেবেন।