এমসিকিউয়ের বিকল্প খোঁজার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতির পরিবর্তে অন্য কোনো পদ্ধতি অনুসরণ করা যায় কি না, তা খতিয়ে দেখার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সত্যিকারের মেধা যাচাইয়ের লক্ষ্যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউয়ের পরিবর্তে অন্য কোনো মেধাভিত্তিক পদ্ধতি অনুসরণ করা যায় কি না, তা খতিয়ে দেখা দরকার বলে কমিটি মনে করে। বৈঠকে প্রস্তাবিত ‘পাবলিক সার্ভিস অ্যাক্ট’ নিয়ে আলোচনা হয়। বিষয়টি নিয়ে আলোচনার জন্য কমিটি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির মহীউদ্দীন খান আলমগীর এবং ‘বেতন ও চাকুরী কমিশন-২০১৩’-এর চেয়ারম্যান ফরাসউদ্দিনকে আমন্ত্রণ জানায়।
বৈঠক শেষে কমিটির সদস্য মুস্তফা লুৎফুল্লাহ সাংবাদিকদের বলেন, কমিটির অধিকাংশ সদস্যই মনে করেন বিসিএস পরীক্ষায় এমসিকিউ পদ্ধতি তুলে দেওয়া উচিত। সংশ্লিষ্টদের এ বিষয়ে বিকল্প ভাবতে বলা হয়েছে। আগামী দিনে বিস্তারিত আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম সংসদীয় কমিটির সদস্যদের এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন বলে একটি সূত্র জানিয়েছে।
বৈঠকে পাবলিক সার্ভিস কর্মকর্তাদের দেশের প্রতি আনুগত্যশীল, কর্মজীবনের পরিকল্পনা, চাকরি নিরাপত্তা, বেতন-পারিতোষিক বেসরকারি চাকরিজীবীদের সঙ্গে সামঞ্জস্য বিধান, মেধা বা বিশেষায়িত অভিজ্ঞতা বা পরীক্ষার ভিত্তিতে পদোন্নতি, কোটার ভারে ভারাক্রান্ত না রেখে নিয়োগ বা পদোন্নতিতে কোটা ন্যূনতম পর্যায়ে রাখা ইত্যাদি সিভিল সার্ভিস অ্যাক্টে সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।