এরশাদকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ
জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদকে কটূক্তি করার প্রতিবাদে জাতীয় ছাত্রসমাজ রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে। ওই সমাবেশ থেকে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগের দাবি জানানো হয়েছে। আজ রোববার জাতীয় ছাত্রসমাজের নেতা-কর্মীরা ওই দাবি জানান।
আজ দুপুর ১২টায় রংপুর শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত জেলা জাতীয় পার্টির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে দিয়ে টাউন হল চত্বর ঘুরে জাতীয় পার্টি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্রসমাজ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রীয় ধর্ম ইসলাম প্রসঙ্গে আমাদের প্রয়াত নেতা এরশাদকে কটূক্তি করেছেন। ওনার এই বক্তব্য সংবিধানের পরিপন্থী। এতে দেশে সম্প্রীতির বন্ধন বিনষ্ট হতে পারে। আমরা এই সম্প্রীতির বন্ধন বিনষ্ট হতে দিতে পারি না। তাই তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আর তা না হলে রংপুরে জাতীয় পার্টির আন্দোলন অব্যাহত থাকবে।’
ওই সমাবেশে রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসির আরাফাত প্রমুখ বক্তব্য দেন।