এলাকাবাসীর আন্দোলনে বেঁচে গেল শতবর্ষী ‘বটগাছ’
এলাকাবাসীর দাবির মুখে প্রাণ বাঁচল ‘বটগাছ’টির। রাজশাহী জেলা পরিষদ সড়ক সম্প্রসারণের জন্য গাছটি বিক্রি করে দিয়েছিল। কাটতে এসেছিলেন ক্রেতা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন করেন গ্রামবাসী। জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। অবশেষে গাছটি আর কাটা হচ্ছে না।
গাছটির অবস্থান রাজশাহীর পবা উপজেলার মধুপুর ও বিন্দারামপুর গ্রামের মিলনস্থলে। গ্রামের মানুষ পাকুড়গাছকে বটগাছ বলেন। এটা তাঁদের বহুল প্রচলিত ভুল। এই ভুলেই গাছটিকে কেন্দ্র করে জায়গাটির নাম হয়েছে ‘মধুপুর বটতলা’। ‘বটগাছ-এর প্রাণ বাঁচাতে মানববন্ধন’ শিরোনামে গত ২৩ জুন প্রথম আলোর অনলাইন সংস্করণে খবরটি প্রকাশিত হয়। ২৫ জুন সম্পাদকীয় পাতায় প্রকাশিত ‘বটগাছ’ বাঁচাতে মানববন্ধন: গাছ না কেটে হোক উন্নয়ন কর্মকাণ্ড।’ আজ শুক্রবার সকালে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, গাছটি রেখে দেওয়া হয়েছে।
গাছটি রাজশাহী জেলা পরিষদের মাটিতে আছে। সম্প্রতি জেলা পরিষদ রাজশাহী শহরের কাশিয়াডাঙ্গা থেকে গোদাগাড়ীর কাঁকনহাট সড়কের ১৯টি গাছ দরপত্রের মাধ্যমে বিক্রি করেছে। রাস্তার পাশের সব কটিই বড় গাছ। বিক্রি করা হয়েছে মাত্র ২ লাখ ৭৯ হাজার ৫০০ টাকায়। রাজশাহী মহানগরের বকুল হোসেন নামের এক ব্যবসায়ী গাছগুলো কিনেছিলেন। এই একটি ছাড়া ইতিমধ্যে সব গাছ কেটে নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে গাছটি কাটা হবে না, এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে যেন খুশির বন্যা বয়ে যায়। এই বটগাছ বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মধুপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম। তিনি বলেন, বাড়ি থেকে বেরিয়েই তাঁরা বটতলার মোড়ে এসে চা পান করেন। কোনো দিন তাঁর ব্যতিক্রম হয় না। বটগাছটার কথা শুনে তাঁদের মাথায় যেন বজ্রপাত হয়েছিল। এ জন্য তাঁরা আন্দোলন করেছেন, জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন। ঠিকাদারকে ঠেকিয়েছেন। গাছটি থাকছে, এই খবর শুনে তাঁরা খুবই খুশি হয়েছেন।
এই বটতলায় প্রথম চায়ের দোকান দিয়েছিলেন ষাটোর্ধ্ব সমশের আলী। গাছ বাঁচবে, এই খবর শুনে তিনিই যেন সবচেয়ে বেশি খুশি হয়েছেন। তিনি বলেন, ‘গাছ কাটার কথা শুনে মনে হইছিল আমার মাথার উপুড় থাইক্যা যেন ঘর ভাঙ্গে লিচ্ছে।’
তার চেয়েও বেশি বয়সী আজাদ আলীরও দোকান আছে ওই বটতলার মোড়ে। তিনি বলেন, ‘এই গাছ না থাকলে এখানে মানুষ দাঁড়াতে পারত না। আমাদের দোকান গুটিয়ে নিতে হতো। গাছ রাখার খবর শুনে মনটা জুড়িয়ে গেল।’