‘এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত হবে দিনাজপুরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত আয়োজনের লক্ষে প্রস্তুতি সভা শেষে মাঠ পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা। আজ দুপুরে গোর-এ-শহীদ মাঠ থেকে তোলা
ছবি: প্রথম আলো।

দিনাজপুর শহরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দানে এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আজ বুধবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ তথ্য জানান।

সভায় হুইপ বলেন, শোলাকিয়া একটি ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। তবে আয়তনের দিক থেকে দিনাজপুরের ঈদগাহ চার গুণ বড়। এ মাঠের আয়তন প্রায় ২২ একর। উপমহাদেশে এত বড় ঈদগাহ আর নেই। এখানে ঈদের নামাজ আদায় করতে দিনাজপুরসহ পাশের জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা আসেন। করোনার কারণে গত দুই বছর এখানে ঈদের জামাত হয়নি। ঈদের জামাত আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার ছয় লাখের বেশি মানুষ এ মাঠে ঈদের নামাজ আদায় করবেন বলে আশা ব্যক্ত করেন হুইপ।

জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহ মাঠজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকবে। সিসিটিভি স্থাপনের পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি। মাঠের আশপাশে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন। তিনি জানান, সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামের দায়িত্ব পালন করবেন মাওলানা শামসুল ইসলাম কাসেমী।

দিনাজপুরের গোর-এ-শহীদ মাঠে এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত আয়োজনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে
ছবি: প্রথম আলো

সভায় অন্যান্যের মধ্যে দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, জেলা সিভিল সার্জন এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী জয়নুল আবেদীন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার, নিমতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।