এস এম হলের আবাসন পরিস্থিতি সবচেয়ে খারাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদের হলগুলোর মধ্যে সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের আবাসন পরিস্থিতি সবচেয়ে খারাপ। গত শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত আড়াইটায় হলে গিয়ে দেখা যায়, দোতলার দক্ষিণ পাশের বারান্দায় সারি সারি মশারি টানিয়ে শুয়ে আছেন কয়েক শ শিক্ষার্থী। বিছানা একটার সঙ্গে আরেকটা লাগানো। কারও চৌকির নিচে, কারও মাথার পাশে বই-ট্রাংক রাখা।
ভাপসা গরমে এপাশ-ওপাশ করছিলেন কিছু ছাত্র। একটি বিছানায় মুঠোফোনের টর্চের আলো জ্বেলে পড়ছিলেন অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের এক ছাত্র। সাংবাদিক পরিচয় দেওয়ার পর বললেন, ‘দেখেন, একে তো আছি বারান্দায়, তার ওপর এক বিছানায় দুজন। হাঁসফাঁস অবস্থা।’
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে এসেছেন আরেক শিক্ষার্থী। বললেন, ‘রাতে ঘুমানোর জায়গা পাওয়াটাই এখন আমাদের কাছে অনেক কিছু মনে হয়।’ তিনি বলেন, ‘শুনেছি, অনেক রুমে বড় ভাইয়েরা থাকে, যাদের মাস্টার্স শেষ হয়ে গেছে অনেক আগে। আর আমাদের এইভাবে থাকতে হয়।’
এসএম হলের ১৪৮টি কক্ষে মোট আসন ৪০২টি। কিন্তু থাকেন ৮৫০ জন। এখানকার ৬০টি এক শয্যার কক্ষের ৫৫টিতেই থাকেন অছাত্ররা। এর বাইরে দুই শয্যার ১২টি, তিন শয্যার ২টি ও চার শয্যার ৭৪টিসহ ৮৮টি কক্ষ রয়েছে। এর মধ্যে ৭৮টি কক্ষের প্রতিটিতেই এক বা একাধিক অছাত্র থাকেন।
তাই হলের কক্ষে জায়গা না পেয়ে বারান্দায় থাকছেন ১৮৬ সাধারণ ছাত্র। অথচ সাত বছর আগে ছাত্রত্ব শেষ হয়ে যাওয়ার পরও এই হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন (আনু) একা দখলে রেখেছেন চার শয্যাবিশিষ্ট তিনটি কক্ষ। একটিতে (১১৪ নম্বর কক্ষ) তিনি নিজে থাকেন। অপর দুটিতে (১৪০ ও ১৪২) তাঁর ভাই ও এক মামা থাকেন, দুজনই বহিরাগত।
অবশ্য আনোয়ার প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর স্নাতকোত্তর এখনো শেষ হয়নি। পরীক্ষা দেওয়ার জন্য উপাচার্যের বিশেষ অনুমতির অপেক্ষায় আছেন। দুই নিকটাত্মীয় আরও দুটি কক্ষে থাকার বিষয়ে বলেন, ‘তারা আসে এবং আবার চলে যায়। সব সময় থাকে না।’
এই হলের প্রাধ্যক্ষ গোলাম মোহাম্মদ ভূঞা প্রথম আলোকে বলেন, ‘অছাত্ররা থাকলেও তাদের সরানো সম্ভব না। এটা আপনারা বোঝেন। দেশের সামাজিক-রাজনৈতিক পরিস্থিতির কাছে পুরো দেশই জিম্মি। শুধু হল কর্তৃপক্ষকে দায়ী করে লাভ নেই।’
হল কর্তৃপক্ষ কি রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের কাছে জিম্মি—এমন প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ ভূঞা বলেন, ‘শুধু সলিমুল্লাহ মুসলিম হল কেন, সব হলের প্রশাসনই ছাত্রসংগঠনের কাছে জিম্মি।’