এসআই দেবাশীষকে প্রত্যাহার, পুলিশের আরেকটি তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিন পাওয়ার পর উজির মিয়াকে নিয়ে যান তাঁর পরিবারের লোকজন
ফাইল ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে উজির মিয়ার (৪০) মৃত্যুর অভিযোগ তদন্তে পুলিশের পক্ষ থেকে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশের সিলেট রেঞ্জ কার্যালয় থেকে করা এই কমিটির প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদার। এদিকে অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধরকে আজ রোববার থানা থেকে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

এসআই দেবাশীষকে ২৩ ফেব্রুয়ারি দিরাই থানায় বদলি করা হয়। আজ সেই থানা থেকে তাঁকে প্রত্যাহার করা হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ প্রথম আলোকে এ দুটি তথ্য নিশ্চিত করেছেন।

শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রামের বাসিন্দা উজির মিয়া ২১ ফেব্রুয়ারি দুপুরে মারা যান। পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের। ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার দাবিতে ওই দিন দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পাগালাবাজার এলাকায় সড়কের ওপর লাশ রেখে কয়েক হাজার মানুষ তিন ঘণ্টা সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে উজির মিয়ার মৃত্যুর ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। সর্বশেষ পুলিশের পক্ষ থেকে আরেকটি কমিটি হওয়ায় এখন তিনটি কমিটি কাজ করছে।

পরিবারের অভিযোগ, ৯ ফেব্রুয়ারি গভীর রাতে উজির মিয়াকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় শান্তিগঞ্জ থানার পুলিশ। বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার সময়ই তাঁকে নির্যাতন করা হয়। পরে থানায় নিয়ে আরেক দফা নির্যাতন করা হয় তাঁকে। পরের দিন একটি চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠায় পুলিশ। আদালত থেকে তিনি জামিন পান। বাড়িতে আসার পর উজির মিয়ার পুরো শরীরে নির্যাতনের চিহ্ন দেখতে পান পরিবারের লোকজন। এরপর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে তাঁকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। ২১ ফেব্রুয়ারি সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উজির মিয়াকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল, সেটির এজাহারে তাঁর নাম ছিল না। গত ১৪ জানুয়ারি উপজেলার আমরিয়া গ্রামের বাসিন্দা নূর উদ্দিন চারজনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন। এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ। অথচ মামলার বাদী নূর উদ্দিন বলেছেন, উজির মিয়াকে তিনি চেনেন না। তাঁর বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করেননি।

আরও পড়ুন

পরিবারের অভিযোগ, শান্তিগঞ্জ থানায় নিয়ে উজির মিয়াকে ব্যাপক নির্যাতন করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুলিশই তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এ নির্যাতনে সঙ্গে এসআই দেবাশীষ, শান্তিগঞ্জ থানার আরও দুই এসআই আক্তারুজ্জামান ও পার্ডন কুমার সিংহ জড়িত। সবাইকে আইনের আওতায় আনার দাবি তাঁর পরিবারের।