বগুড়ায় পুলিশ সুপারের (এসপি) নামে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটের এক উপপরিদর্শককে (এসআই) সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে সাইবার ইউনিটের প্রধানের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শককে রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে শাস্তিমূলক বদলি করা হয়েছে। আর চাঁদাবাজির ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল রোববার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বগুড়ার এসপি আলী আশরাফ ভূঞা প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে বদলি করা কর্মকর্তা হলেন বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক ও সাইবার ইউনিটের প্রধান এমরান মাহমুদ। আর সাময়িক বরখাস্ত হওয়া অপর কর্মকর্তা হলেন সাইবার ইউনিটের এসআই শওকত আলম। তাঁকেও রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে বদলি করা হয়েছে।
বগুড়ার এসপি আলী আশরাফ ভূঞা প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটিকে দু–এক দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই পুলিশ পরিদর্শক এমরানের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হবে।
তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান হলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী। কমিটির অপর দুই সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রশিদ ও পুলিশের আদালত পরিদর্শক সুব্রত ব্যানার্জি।
বগুড়া জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, নকল ব্যান্ডরোল মজুত করার অভিযোগে ফোর্স ছাড়াই গত ২৭ মে বগুড়া সদরের শিকারপুরে মাস্টার বিড়ি কারখানায় অভিযানে গিয়ে দুই কর্মকর্তা তল্লাশি চালান। কারখানার গুদামে বিপুল পরিমাণ ব্যান্ডরোল মজুত পাওয়া যায়। এ সময় কারখানামালিক হেলাল উদ্দিন মজুত করা ব্যান্ডরোল বৈধ বলে দাবি করেন। একপর্যায়ে দুই কর্মকর্তা এসপির নামে ২৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে নকল ব্যান্ডরোল মজুতের অভিযোগে মামলার ভয় দেখান। উপায় না পেয়ে তাৎক্ষণিক ৯ লাখ টাকা প্রদান করা হয়। বাকি টাকা জোগাড় করতে ব্যবসায়ীর দেরি হয়। এর মধ্যে বগুড়ার এসপি আলী আশরাফ ভূঞার বরিশাল মেট্রোপলিটন পুলিশে বদলির আদেশ হয়। এতে দুই কর্মকর্তা এসপি চলে যাওয়ার আগেই বাকি টাকা দেওয়ার জন্য হেলালকে চাপ দেন। ১৩ জুলাই বিড়ি ব্যবসায়ী হেলাল বিষয়টি এসপিকে জানান। ওই দিনই বিড়ি ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেন অভিযুক্ত ব্যক্তিরা।
অভিযোগের বিষয়ে পরিদর্শক এমরান মাহমুদের ভাষ্য, নকল ব্যান্ডরোল মজুতের তথ্য পেয়ে ওই বিড়ি ফ্যাক্টরিতে তাঁরা অভিযানে গিয়েছিলেন। কিন্তু তল্লাশিকালে নকল কোনো ব্যান্ডরোল মেলেনি সেখানে। গুদাম তল্লাশি করতে দিতে রাজি না হওয়ায় উচ্চবাচ্য হওয়ায় ওই ব্যবসায়ী ক্ষুব্ধ হয়ে পুলিশ সুপারের কাছে মিথ্যা অভিযোগ করেছেন। তাঁর কাছে কোনো চাঁদা দাবি করা বা টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়। তদন্ত করলে প্রকৃত সত্য বের হয়ে আসবে বলে তিনি দাবি করেন।