এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, তরুণের কারাদণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা খেয়েছেন এক তরুণ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পরীক্ষাকেন্দ্রে এই ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ওই তরুণের নাম আজিজুল খান (২০)। তিনি মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের রসায়ন বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
ওই পরীক্ষাকেন্দ্র ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার এসএসসি গণিত পরীক্ষা চলছিল। পরীক্ষাকেন্দ্রে আজিজুল খানকে সন্দেহ হলে তাঁর প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড যাচাই-বাছাই করে প্রক্সি দেওয়ার বিষয়টি শনাক্ত হয়। তিনি কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম দয়াল হালদার উচ্চবিদ্যালয়ের এক ছাত্রের বদলি হিসেবে পরীক্ষা দিতে এসেছিলেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এস এম মাহফুজুর রহমান বলেন, এক বছরের সাজা দিয়ে ওই তরুণকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আর আসল পরীক্ষার্থীকে করা হয়েছে বহিষ্কার।