এসি, মেঝের কার্পেট ফেরত দিলেন ওএসডি হওয়া স্বাস্থ্য কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ছবি: প্রথম আলো

ওএসডি হওয়া কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম সরকারি গাড়ির বাম্পার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষের এসি ও কার্পেট ফেরত দিয়েছেন। আজ সোমবার শাহীনূর আলম নিজেই গাড়ির বাম্পার, এসি ও কার্পেট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেরত নিয়ে আসেন।

পল্লিচিকিৎসকদের কাছ থেকে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়ার পর গত ২৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর মোহাম্মদ শাহীনূর আলমকে ওএসডি করে। গত ২৯ এপ্রিল তিনি দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তার কার্যালয়ের কক্ষের নতুন এসি, মেঝের কার্পেট, স্বাস্থ্য কর্মকর্তার গাড়ির বাম্পার নিয়ে তিনি চলে যান।

ওই সময় নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মচারী বলেছিলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তার গাড়ির বাম্পার, নতুন এসি ও মেঝের কার্পেট স্যারের নিজস্ব উপহার পাওয়া সম্পদ। তাই স্যারের সম্পদ স্যার নিয়ে গেছে।’

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘ওএসডি কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয়ে এসি, গাড়ির বাম্পার ও কার্পেট গিফট করার জন্য (ফেরত দেওয়ার) আমার বরাবর একটি লিখিত আবেদন করেন। পরে এসি, গাড়ির বাম্পার ও কার্পেট দাপ্তরিকভাবে গ্রহণ করা হয়।’

এদিকে শাহীনূর আলমের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা। এ সময় তাঁরা সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পল্লিচিকিৎসকদের লিখিত জবানবন্দি গ্রহণ করেন।

কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শরফরাজ হোসেন খানের নেতৃত্বে কমিটির অন্য দুই সদস্য হলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন ও চিকিৎসা কর্মকর্তা (এমও) চিকিৎসক ইশরাত জাহান।

তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শরফরাজ হোসেন খান বলেন, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে লকডাউন ও ঈদুল ফিতরের কারণে তদন্ত কিছুটা বিলম্ব হয়েছে।

আরও পড়ুন