ঐতিহ্য ধরে রাখতে রোপণ করা হলো গাবগাছের চারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা মোড়ে গতকাল শুক্রবার আবারও একটি গাবগাছের চারা রোপণ করা হয়েছে। গাবতলা মোড়ের ঐতিহ্য ধরে রাখতে এ চারা রোপণ করা হয়েছে বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জের পৌরবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পৌর মেয়র আবদুল মতিন, সমাবসেবক শফিকুল আলম, গৌরী চন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজিজুর রহমান, এনামুল হক, সাংবাদিক জাফরুল আলম, ডাবলু কুমার ঘোষ, আনোয়ার হোসেন, এমরান ফারুকসহ বিভিন্ন মহল্লার নানা শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে গাবগাছের চারাটি রোপণ করা হয়। চারা রোপণ শেষে কয়েক দিন আগে কেটে নেওয়া পুরোনো ১২০ বছর বয়সী গাবগাছ ও মোড়ের ঐতিহ্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন শফিকুল আলম।
প্রসংগত, গাবতলা মোড়ের গাবগাছটি শুকিয়ে মারা যাওয়ার উপক্রম হলে ও পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় পৌরসভা কর্তৃক সম্প্রতি গাছটি কেটে ফেলে। গাবগাছটির বিয়োগব্যথায় শহরের অনেকেই মনঃকষ্টে ভুগতে থাকেন। তাঁরা গাবতলা মোড়ের ঐতিহ্য ধরে রাখতে সেখানে আরেকটি গাবগাছ লাগানোর উদ্যোগ নেন। গাবগাছটি নিয়ে ১০ জুলাই ‘একটি গাছের বিয়োগগাথা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।