ঐতিহ্য বিবেচনায় মাগুরায় কাত্যায়নী পূজা করার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার কারণে মাগুরায় এবার কাত্যায়নী পূজা না করার সিদ্ধান্ত হয়েছিল। তবে জেলার ঐতিহ্য বিবেচনায় বিভিন্ন ধর্মের মানুষের সম্প্রীতির স্মারক এ উৎসব করার সিদ্ধান্ত নিয়েছেন পূজা উদ্‌যাপন কমিটির নেতারা। গতকাল শনিবার দুপুরে শহরের জামরুলতলায় জেলা শহরের পূজামণ্ডপগুলোর নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এর আগে ১৯ অক্টোবর একই জায়গায় বৈঠকে এবার উদ্ভূত পরিস্থিতির কারণে প্রতিমা-মণ্ডপ ছাড়া শুধু ঘটপূজা করে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছিল।
জামরুলতলা কাত্যায়নী পূজা উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডুর সভাপতিত্বে ওই সভা হয়। জেলা সদরের প্রায় সব পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধি ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ মাগুরা জেলা শাখার নেতারা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব কণ্ডু প্রথম আলোকে বলেন, ‘দুর্গাপূজা ঘিরে যে সহিংসতা হয়েছিল, তাতে আমাদের হৃদয় ভেঙে গিয়েছিল; যদিও মাগুরায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আর কাত্যায়নী পূজা মাগুরা জেলার একটি ঐতিহ্য। এ কারণে বৈঠকে আমরা সর্বসম্মতিক্রমে পূজা করার সিদ্ধান্ত নিয়েছি। তবে এবারের পূজা অন্যবারের মতো জাঁকজমকপূর্ণ হবে না।’

মাগুরা শহরের নতুন বাজার স্মৃতি সংঘ পূজামণ্ডপের সাধারণ সম্পাদক প্রণয় কুমার ঘোষ প্রথম আলোকে জানান, কাত্যায়নী পূজা মাগুরার শত বছরের ঐতিহ্য। হিন্দুধর্মাবলম্বীদের এই উৎসব ঘিরে প্রতিবছর জেলায় লাখো মানুষের ঢল নামে। এবার ১০ নভেম্বর পূজা শুরু হবে। মণ্ডপে মণ্ডপে এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। জেলার শতাধিক মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়।