‘কয়েকটা পাড়া নিয়ে একটি গ্রাম আর কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন হয়’, ছোটবেলায় পড়া সামাজিক বিজ্ঞান বইয়ে এমনটাই রয়েছে। কিন্তু সে রীতি পুরোপুরি উল্টে যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। সেখানে ৪টি ইউনিয়ন মিলে গঠিত হয়েছে একটি গ্রাম। গ্রামের নামও বানিয়াচং। গ্রামটিতে ১২৭টি পাড়া বা মহল্লা রয়েছে।
বানিয়াচং উপজেলার সরকারি তথ্য বাতায়নে বলা হয়েছে, এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং। গত শতকের ত্রিশের দশকে সাইকেলে বিশ্বভ্রমণ শেষে ভূপর্যটক রামনাথ বিশ্বাস তাঁর গ্রন্থে বানিয়াচং গ্রামকে পৃথিবীর বৃহত্তম গ্রাম হিসেবে উল্লেখ করেন। গবেষকদের অভিমত, দ্বাদশ শতাব্দীতে বানিয়াচং গ্রামের গোড়াপত্তন হয়েছে। তৎকালীন লাউড় রাজ্যের রাজধানীও এখানে ছিল। রাজধানীর দালানের ধ্বংসাবশেষ এখনো রয়েছে। কারও মতে, পঞ্চদশ শতাব্দীতে বানিয়াচং প্রতিষ্ঠিত হয়। এখন এ গ্রামের বাসিন্দা সোয়া লাখের বেশি।
বহু বছরের পুরোনো বানিয়াচংয়ের স্থান ও স্থাপনা নিয়ে এলাকার বাসিন্দারা নিজেদের গর্বের কথা জানিয়েছেন। তবে গত মাসে টানা তিন দিন ঘুরে এসব স্থাপনা সংরক্ষণের বিষয়টি কোথাও চোখে পড়েনি। স্থানীয় প্রশাসন ঐতিহ্য বিবেচনায় নিয়ে এসব স্থাপনা সংরক্ষণে কোনো উদ্যোগই নেয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
এলাকার বাসিন্দারা জানান, বানিয়াচং গ্রামে শত একরের সাগরদিঘি বা কমলারানীর দিঘি, রাজবাড়ি, মোগল আমলের বেশ কিছু মসজিদ, বিবির মোকাম, পাথরের দাড়া-গুটি, শ্যামবাউলের আখড়া, গড়ের খাল, ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি, সোয়া শত বছরের পুরোনো এল আর সরকারি উচ্চবিদ্যালয়, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের বসতভিটা রয়েছে। বানিয়াচং গ্রামের বাইরে একই উপজেলায় মোগল সম্রাট আকবরের সমসাময়িক রামকৃষ্ণ গোঁসাইয়ের প্রতিষ্ঠিত বিথঙ্গল আখড়ারও অবস্থান।
স্থানীয় লোকজন আরও জানিয়েছেন, দীনেশচন্দ্র সেনের সংকলিত মৈমনসিংহ গীতিকায় অন্তর্ভুক্ত ‘দেওয়ানা মদীনা’ ও ‘মলুয়া সুন্দরী’ আখ্যান বানিয়াচংয়ের পটভূমিতে রচিত হয়েছিল। লোকসাহিত্যের প্রাচুর্যপূর্ণ ধারা ‘ভট্ট’ কবিতার উদ্ভবও এই অঞ্চলেই। পল্লিকবি জসীমউদ্দীন সাগরদিঘির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন একটি কবিতা।
বানিয়াচং-বিষয়ক গবেষক শেখ ফজলে এলাহী প্রথম আলোকে বলেন, ‘বানিয়াচং একটি ঐতিহ্যবাহী জনপদ। কিন্তু সে ঐতিহ্য সংরক্ষণে স্থানীয় প্রশাসনের পৃষ্ঠপোষকতা তো দূরের কথা, কোনো উদ্যোগই চোখে পড়ছে না।’ প্রায় একই অভিমত ব্যক্ত করেন ঐতিহাসিক বানিয়াচং ও কিংবদন্তি বইয়ের লেখক ও ইতিহাসবিদ আবু সালেহ আহমদ। স্থানীয় লোকজনের অভিযোগ, সাগরদিঘির পাড় এলাকার তিন পাড়ের তীর, ভূপর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি এবং গড়ের খালের অনেকটাই বেদখল হয়ে গেছে। একই সঙ্গে লাউড় রাজ্যের সময়কার স্থাপনার ধ্বংসাবশেষ, মোগল আমলের স্থাপত্যকীর্তির মসজিদ, পাথরের দাড়া-গুটি অরক্ষিত অবস্থায় পড়ে থাকলেও সেসব সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তর কিংবা স্থানীয় প্রশাসনের কোনো উদ্যোগ নেই।
এলাকাবাসী জানান, ১৯৯৮ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানিয়াচং সফরে এসে এখানে একটি পর্যটনকেন্দ্র স্থাপনের আশ্বাস দিয়েছিলেন। সেটা হলে ঐতিহ্য সংরক্ষণে গতি পেত।