ওএমএসের চাল কিনতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল বুলবুলির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর গ্রামের আজগর আলীর মেয়ে বুলবুলি খাতুন (৪০)। স্বামী তাঁকে ছেড়ে চলে গেছেন। সন্তানদের নিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থায় থাকা বুলবুলি ওএমএসের কম মূল্যের চাল-আটা কেনার জন্য বগুড়ার ধুনট উপজেলা শহরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ধুনট-গোসাইবাড়ী সড়কের চান্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, বুলবুলি বেগম সকাল সাতটার দিকে বাবার বাড়ি থেকে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ধুনট উপজেলা শহরের দিকে রওনা হন। পথে ধুনট-গোসাইবাড়ী সড়কের চান্দারপাড়া এলাকায় বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা বুলবুলি সড়কের ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান। একই অটোরিকশায় থাকা চার যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। এ কারণে স্বজনদের কাছে তাঁর মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।