ওপারে পাহাড়ধস, এপারে সর্বনাশ

  • উত্তর বড়দল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চানপুর, রজনীলাইন ও রাজাই গ্রাম ভারত সীমান্তঘেঁষা।

  • ঢলের তোড়ে এলাকার মানুষের যাতায়াতের মূল পাকা সড়কের অন্তত এক কিলোমিটার ভেঙে খালে পরিণত হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে সীমান্তের ওপার থেকে নামা পাহাড়ি ঢলের তান্ডবে ক্ষতিগ্রস্ত সড়ক। জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চানপুর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তোলা
ছবি: নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

সীমান্তের ওপারে পাহাড়ধসের ফলে ঢলের তীব্র স্রোতের সঙ্গে নামছে প্রচুর বালু ও পাথর। ঢল আর বালুর আগ্রাসনে সপ্তাহখানেক ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিনটি গ্রামের মানুষ পড়েছে বিপর্যয়ের মুখে। এলাকার রাস্তাঘাট, দোকানপাট, ঘরবাড়িতে দেখা দিয়েছে ধস। বালুতে ভরে গেছে অনেক পুকুর, নষ্ট হয়ে যাচ্ছে হাওরের ফসলি জমি।

তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এই তিন গ্রামের অবস্থান। ঢলের তোড়ে এলাকার মানুষের যাতায়াতের মূল পাকা সড়কের অন্তত এক কিলোমিটার ভেঙে খালে পরিণত হয়েছে। হুমকিতে আছে মানুষের বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা।

রাস্তাঘাট, দোকানপাট, ঘরবাড়িতে দেখা দিয়েছে ধস। বালুতে ভরে গেছে অনেক পুকুর, নষ্ট হয়ে যাচ্ছে হাওরের ফসলি জমি।

গত বুধবার সরেজমিনে দেখা গেছে, উত্তর বড়দল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চানপুর, রজনীলাইন ও রাজাই গ্রাম একেবারে ভারত সীমান্তঘেঁষা। গ্রামগুলোর উত্তরে সীমান্তের ওপারের মেঘালয় পাহাড়। দক্ষিণে এলাকার পচাশোল হাওর। গ্রামগুলোর মধ্য দিয়ে একটি পাকা সড়ক গেছে উপজেলার টেকেরঘাট এলাকায়। জেলা শহর থেকে এই সড়ক দিয়েই মানুষজন টেকেরঘাট এলাকার বড়ছড়া, চারাগাঁও ও বাগলি শুল্ক স্টেশনে যাতায়াত করেন। সীমান্তে যাতায়াতের এটিই প্রধান সড়ক।

সুনামগঞ্জে সীমান্তের ওপার থেকে পাহাড়ি ঢলের সঙ্গে নামা বালুতে ক্ষতিগ্রস্ত ফসলি জমি। জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চানপুর গ্রামের পাশে পচাশোল হাওর থেকে বৃহস্পতিবার সকালে তোলা
ছবি: নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চানপুর গ্রামের পাশের মেঘালয় পাহাড়ের ‘কালো পাহাড়’ নামক স্থান থেকে একটি ছড়া নেমেছে সমতলে। ছড়াটি চানপুর গ্রাম হয়ে গিয়ে পাশের পচাশোল হাওরে পড়েছে। এই ‘নয়াছড়া’ দিয়েই ঢলের পানি একসময় নেমে যেত হাওরে। ছড়াটি গভীর থাকায় তখন গ্রামের কোনো ক্ষতি হতো না। কিন্তু এখন এই ছড়া বালুতে ভরাট হয়ে গেছে। যে কারণে ঢলের পানি নেমে হাওরে যাওয়ার রাস্তা নেই। গত সপ্তাহে প্রবল বর্ষণ শুরুর পর ‘কালো পাহাড়ে’ ধস দেখা দেখা দেয়। এরপর থেকে পাহাড় থেকে ঢল নামতে থাকে। ঢলের পানির সঙ্গে প্রচুর বালু ও পাথর নামে। পানির তোড়ে সড়ক ভেঙে খাল হয়ে যায়, এলাকার মানুষের বাড়িঘর, দোকানপাটে আঘাত হানে ঢলের পানি। এতে গ্রামের অনন্ত ৩০টি বসতঘর, সড়কের পাশের দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের ভেতর, বাড়িঘরের আঙিনা সবখানেই পড়েছে বালুর স্তর। ঢলের কবল থেকে ঘরবাড়ি রক্ষায় মানুষজন বালুর বস্তা ফেলে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শুধু বাড়িঘর, দোকানপাট নয়, বালুর স্তর পড়ে নষ্ট হয়ে গেছে হাওরের শতাধিক একর জমি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালো পাহাড়ে প্রথম ধস দেখা দেয় ২০০৮ সালের ২০ জুলাই গভীর রাতে। সেদিন বিকট শব্দে ঘুম ভাঙে গ্রামের মানুষের। যেন বজ্রপাত হচ্ছিল। ছিল প্রবল বৃষ্টি। পাহাড় থেকে ঢল নামে, সঙ্গে প্রচুর বালু। মানুষের ঘরবাড়িতে ঢুকে পড়ে ঢলের পানি ও বালু। কিন্তু এবারের মতো আগে কখনো এত বেশি ঢল ও বালু-পাথর নামেনি।

সুনামগঞ্জে সীমান্তের ওপার থেকে নামা পাহাড়ি ঢলের তান্ডব থেকে ঘরবাড়ি রক্ষা করতে পাশে বস্তা ফেলে রেখেছেন লোকজন। জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চানপুর এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তোলা
ছবি: নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

রজনিলাইন গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন (৫২) জানান, আগেও ঢল নেমেছে, কিন্তু এবার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এক সপ্তাহ ধরে বৃষ্টি হলেই ব্যাপক পরিমাণে ঢল নামছে। রাস্তাঘাট ভেঙে গেছে। অনেক ঘরবাড়ি ও জমির ক্ষতি হয়েছে।

স্থানীয় রাজাই গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য এন্ড্রু সলমার বলেন, ‘২০১২ সালে ভারতে গিয়ে ওই স্থান দেখে এসেছি। সেখানে অপরিকল্পতভাবে কয়লা উত্তোলন, পাহাড় ও গাছগাছালি কাটার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের স্থানীয় ও উচ্চপর্যায়ে বহুবার যোগাযোগ করেছি। কিন্তু এ সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বলেন, এ বিপর্যয়ের কবল থেকে এলাকাটি রক্ষায় জরুরি উদ্যোগ নিতে হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্থানীয়ভাবে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমি নিজেও সেখানে যাব। পাহাড়ি ঢল তো আটকানো সম্ভব নয়। এখানে দুটি রাষ্ট্রের বিষয় যুক্ত। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে করণীয় সম্পর্কে কথা বলব।’