ওভারটেক করতে গিয়ে বাসের নিচে মোটরসাইকেল, বাবা-ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দোহাজারী পৌরসভার পাঠানীপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুজন হলেন বাবা সাইফুল ইসলাম (৪০) ও ছেলে জাবেদুল ইসলাম (১০)। আহত হয়েছেন সাইফুলের স্ত্রী ডলি আক্তার (৩০)। তাদের বাড়ি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ হাজীরপাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে স্ত্রী ও ছেলেকে নিয়ে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় পাঠানীপুল এলাকায় একটি পিকআপভ্যানকে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে বাবা-ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ডলি আক্তারকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেলে নেওয়া হয়। কতর্ব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দোহাজারী হাইওয়ের পুলিশ পরিদর্শক (ওসি) ইয়াছির আরাফাত দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।