ওমরাহ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল এক বাংলাদেশির
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে দেশটির মক্কা নগরীর হেরাগুহা (জাবালে নুর) এলাকায় একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।
নিহত জিয়াউর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের গারাঙ্গিয়া হাতিয়ারকুল এলাকার মৃত মাহবুবুর রহমানের ছেলে। তিনি সোনাকানিয়া শাহ মজিদিয়া মাদ্রাসার শিক্ষক ও কক্সবাজারের চকরিয়ার মাস্টারপাড়া বাইতুল মামুর জামে মসজিদের খতিব ছিলেন।
নিহত জিয়াউর রহমানের বড় ভাই মোহাম্মদ রাশেদ আজ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ছোট ভাই জিয়াউর রহমান ১৬ মার্চ পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। গতকাল সন্ধ্যায় মক্কা নগরীর পবিত্র হেরাগুহা দেখতে জাবালে নুর পাহাড়ে ওঠেন তিনি। বাংলাদেশ সময় রাত আটটার দিকে পাহাড় থেকে নেমে সড়ক পার হচ্ছিলেন। তখন একটি ব্যক্তিগত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ৩০ মার্চ তাঁর দেশে ফিরে আসার কথা ছিল।
সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ওমরাহ পালন করতে গিয়ে গতকাল রাতে মক্কা নগরীতে সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান নিহত হয়েছেন। আজ ভোরে পরিবারের লোকজন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। নিহত জিয়াউর রহমানের তিন মেয়ে ও এক ছেলে আছে।