ওমরাহে যাওয়া হলো না স্বাস্থ্যকর্মী হোসনে আরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত হোসনে আরা বেগম (৫০)
ছবি: সংগৃহীত

হোসনে আরা বেগম (৫০) দীর্ঘদিন ধরে হাঁটুসহ শরীরের ব্যথায় ভুগছিলেন। চিকিৎসক দেখাতে আজ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পেশায় পরিবারকল্যাণ সহকারী হোসনে আরার স্বপ্ন ছিল ওমরাহ হজে যাওয়ার। সেভাবে প্রস্তুতিও নিয়েছিলেন এই স্বাস্থ্যকর্মী। কিন্তু সড়ক দুর্ঘটনায় নিভে গেছে তাঁর জীবনপ্রদীপ।

আজ সকাল পৌনে সাতটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হন। তাঁদের মধ্যে হোসনে আরাও ছিলেন। নিহত অন্য ব্যক্তিরা হলেন মোর্শেদা বেগম (৫০), দুদু মিয়া (৬০) ও ফরিদ মিয়া (৪২)। মোর্শেদা ও দুদু স্থানীয় একটি ইটভাটার শ্রমিক।

আরও পড়ুন

হোসনে আরা বিজয়নগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের ইছাপুরা ইউনিয়নের পরিবারকল্যাণ সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের সুলতান আহমেদের স্ত্রী। তাঁর স্বামী সুলতান একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক স্বাস্থ্যকর্মী। তাঁদের চার মেয়ে ও এক ছেলে। চার মেয়ের মধ্যে নিগার সুলতানা (২৬), নাফিজ সুলতানা (২৪) ও নাইমা সুলতানা (২২) পুলিশের সদস্য। নাইমা বর্তমানে রংপুরে প্রশিক্ষণে রয়েছেন। একমাত্র ছেলে তোফায়েল আহমেদ বিজয়নগরের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র।

সুলতান আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রী হাঁটুসহ শরীরের ব্যথায় ভুগছিলেন। রাজধানী ঢাকার ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে সকাল ছয়টায় বাড়ি থেকে বের হন। যাওয়ার সময় জানান, চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছেন। চিকিৎসক দেখিয়ে বাড়িতে ফিরবেন বলেও জানান। তিনি বলেন, হোসনে আরা ওমরাহ হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পবিত্র মক্কা ও মদিনায় যাওয়ার জন্য ব্যাকুল ছিলেন তিনি। পাসপোর্টসহ আনুষঙ্গিক প্রস্তুতিও শেষের দিকে। কিন্তু সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যাওয়ায় হোসনে আরার সেই স্বপ্ন পূরণ হলো না।

সুলতান আহমেদ জানান, আজ এশার নামাজের পর খাদুরাইল মাদ্রাসায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। রাতে খাদুরাইল গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হবে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।