ওষুধ ছাড়াই গরু-ছাগল হৃষ্টপুষ্ট করছেন জামিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরের বাঁশবাড়ীতে জামিল আশরাফ মিন্টু (৩৫) নামের এক শিক্ষিত যুবক ইউসুফ ডেইরি ফার্ম নামের একটি গরু-ছাগলের খামার গড়ে তুলেছেন। রুগ্ণ গরু-ছাগল কিনে তাঁর এ খামারে কোনো ধরনের ওষুধ ছাড়াই হৃষ্টপুষ্ট করা হচ্ছে। সামনে কোরবানির বাজার ধরার জন্য জামিল ও তাঁর সহকর্মীরা দিনরাত কাজ করছেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে জামিলের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, পৈতৃক ব্যবসা গুল, সাবান, জর্দা ইত্যাদি তৈরির কারখানা রয়েছে তাঁদের। কিন্তু ওই ব্যবসায় মন বসাতে পারেননি তিনি। তাঁর বাবা হচ্ছেন শিল্পপতি শাহাবুদ্দিন। ব্যতিক্রম কিছু করার চিন্তাভাবনা নিয়ে তিন বছর আগে প্রাণিসম্পদ বিভাগের পরামর্শে তিনি ওই ডেইরি ফার্ম গড়ে তোলেন। দেশি ও স্বাভাবিক খাবারে গরু-ছাগল পালন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
জামিল বলেন, শুরুতে ছয়টি বকনা বাছুর কেনেন তিনি। সেখান থেকে আসা বাছুর আর বাজার থেকে ভগ্ন স্বাস্থ্যের গরু কিনে তা পালন করতে থাকেন। ওই ফার্মে গরুর পাশাপাশি ব্ল্যাক বেঙ্গল ও যমুনা পাড়ি ছাগল লালনপালন করতে থাকেন। বর্তমানে তাঁর ফার্মে রয়েছে ৮৪টি গরু ও ৩৫টি ছাগল। আসছে কোরবানি ঈদে প্রতিটি গরু ৪০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকায় বিক্রি করবেন বলে আশা তাঁর। এতে প্রতিটি গরুতে তাঁর লাভ হবে ১৫ থেকে ৩০ হাজার টাকা। এই গরুর গোবর দিয়ে তৈরি করা হয়েছে বায়োগ্যাস প্ল্যান্ট। ৩৫ শতক জমিতে খামারটি তৈরি করা হয়েছে। এর মধ্যে পশুর ঘাসের চাহিদা পূরণে আবাদ করা হয়েছে নেপিয়ার ঘাসও। পাশেই আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে মাছের চাষ করা হয়েছে।
জামিল আরও বলেন, খামার তৈরিতে তাঁর প্রায় ৩৫ লাখ টাকা লেগেছে। স্থানীয় চাহিদা পূরণের জন্য স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের খামার ও মাছ চাষ করছেন। গাভি গর্ভধারণ করায় বর্তমানে দুধ দোয়ানো বন্ধ রয়েছে। তবে আসছে কোরবানির ঈদ সামনে রেখে তিনি গরু লালনপালন করছেন। এ থেকে বিপুল পরিমাণ আয় করার আশা করছেন তিনি। কোরবানির পর আবারও নতুন করে ভগ্নস্বাস্থ্যের গরু ও ছাগল কিনে স্বাভাবিক খাবারে হৃষ্টপুষ্ট করে বাজারে বিক্রি করবেন। তিনি নিজে ও ছয়জন কর্মচারী সার্বক্ষণিক খামারে গরু-ছাগলের পরিচর্যা করেন। পশুখাদ্যের দাম বাড়ায় খরচও বেড়েছে। এ কাজে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ব্যাংকঋণ পেলে খামারটি আরও বড় করতে পারবেন।
জামিলের প্রতিবেশী জোবায়দুল ইসলাম বলেন, শহরের ভেতরে এই ধরনের প্রকল্প শুধু প্রশংসিত নয়, অনেকের কাছে অনুকরণীয় বটে। বাইরে থেকে বোঝার উপায় নেই, খামারে গরুর পাশাপাশি ছাগল পালন করা হচ্ছে। প্রাকৃতিক উপায়ে এসব লালনপালন করায় এসব গরু ও ছাগলের চাহিদাও লোকজনের কাছে রয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলায় ছোট-বড় মিলে দুই শতাধিক খামার থাকলেও নিবন্ধিত খামার রয়েছে ১২০টি। এর মধ্যে মেসার্স ইউসুফ ডেইরি ফার্মের বৈশিষ্ট্য হলো, এই খামারে কোনো ধরনের রাসায়নিক, অ্যান্টিবায়োটিক বা হরমোন ব্যবহার করা হয় না। ফলে খামারটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। প্রাণিসম্পদ বিভাগের পরামর্শ ও সহযোগিতায় ডেইরি ফার্ম করে আয় ও সম্ভাবনার মুখ দেখছেন জামিল।