ওসমানীনগরে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলার মানচিত্র

সিলেটের ওসমানীনগরের তাজপুর ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থীর দ্বন্দ্বের জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে তাজপুর বাজারে অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। এ সময় প্রায় এক ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার তাজপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যা সাতটায় শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করেছিল। ঘটনা নিষ্পত্তি করতে স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধিসহ উপজেলা পরিষদে বৈঠক করছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী আদেশে আগামীকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত তাজপুর বাজার এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাজপুর ডিগ্রি কলেজে দুই শিক্ষার্থীর মধ্যে বৃহস্পতিবার দুপুরে কথা–কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বিকেলে এক ছাত্রের পক্ষে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা একত্র হয়ে অপর ছাত্রকে খুঁজতে থাকেন। পরে অন্য ছাত্র বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের বাসিন্দারা একত্র হন। একপর্যায়ে তাজপুর বাজারে ছাত্রলীগের একটি পক্ষ ও কাদিপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাঁদের নাম–পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিকেল পাঁচটার দিকে যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয় সূত্র জানায়, তাজপুর এলাকার ছাত্রলীগের একটি পক্ষ নিয়ন্ত্রণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল। তাঁর পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় কাদিপুর গ্রামবাসীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনু মিয়া বলেন, দুপুরে কলেজে দুই ছাত্রের মধ্যে কথা–কাটাকাটি হয়েছে। তবে সংঘর্ষের ঘটনা কলেজে ঘটেনি। তবে দুই শিক্ষার্থী নিজ কলেজের হলেও তিনি চেনেন না বলে জানান।

অধ্যক্ষ বলেন, ওই দুই শিক্ষার্থীর মধ্যে একজনকে কলেজ ক্যাম্পাসে পেয়েছিলেন। তাঁকে জিজ্ঞাসা করা হলে জানিয়েছিলেন কথা–কাটাকাটির ঘটনা ঘটেছে। পরে তিনি কলেজ ছুটির পর বাড়ি ফিরে আসেন। এরপর কী ঘটেছে তাঁর জানা নেই। তবে সেটি কলেজ ক্যাম্পাসের বাইরে ঘটেছে। কলেজের অভ্যন্তরে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্র জানায়, তাজপুর এলাকার ছাত্রলীগের একটি পক্ষ নিয়ন্ত্রণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল। তাঁর পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় কাদিপুর গ্রামবাসীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ব্যাপারে চঞ্চল পালের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনার বিষয়ে জানা নেই। এতে ছাত্রলীগের নেতা-কর্মীদেরও সম্পৃক্ত হওয়ার কথা নয়। ওই উপজেলায় দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে কমিটি নেই।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাঈন উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি নির্বাহী আদেশের মাধ্যমে বাজার এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন  করা হয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারে থানা-পুলিশ তৎপর রয়েছে। তবে তিনি কোন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে সেটি নিশ্চিত করে বলতে পারেননি।