ওসির ফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দীনের ব্যবহৃত সরকারি মুঠোফোন নম্বরটি ক্লোন করে বিভিন্নজনের কাছে ফোনে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন তিনি।

২০ সেপ্টেম্বর ওই এলাকায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। ওসির ফোন নম্বর ক্লোন করে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়া কয়েক প্রার্থীর কাছে ফোন করে টাকা চাওয়াসহ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ পেয়ে জিডি করেন ওসি মো. সামসুদ্দীন। এ বিষয়ে সতর্ক থাকতে ফেসবুক পেজে থেকে পোস্ট করেও সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।

ওসি মো. সামসুদ্দীন বলেন, ‘গতকাল বিকেলে বিষয়টি প্রথম জানতে পারি। সরকারি নম্বরটি ক্লোন করে বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের কাছে প্রতারণার উদ্দেশ্যে ফোন করছে একটি চক্র। যাঁরা ফোন পেয়েছেন, তাঁরা আমাকে বিষয়টি অবহিত করলে প্রতারকদের বিষয়ে তাঁদের সতর্ক করেছি।’ কেউ তাঁর সরকারি নম্বর থেকে কোনো সন্দেহজনক কল পেলে ফোনটি কেটে ব্যাক করে নিশ্চিত হতে সবাইকে অনুরোধ জানান তিনি।