ওসির ফোনালাপের তদন্ত চায় ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধায় ওসির ফোনালাপ ফাঁসের ঘটনা তদন্তের দাবিতে আলোচনা সভা করেছে ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’। আজ শনিবার দুপুরে শহরের গানাসাস মিলনায়তনে
ছবি: প্রথম আলো

গাইবান্ধায় ব্যবসায়ী হাসান আলী হত্যা মামলার আসামির স্বজনের সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তৌহিদুজ্জামানের ফোনালাপ ফাঁসের ঘটনা তদন্ত ও মামলাটির নতুন করে অভিযোগপত্র দেওয়ার দাবি জানানো হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের গানাসাস মিলনায়তনে আলোচনা সভা করে এসব দাবি জানায় ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’।

এ সময় বক্তারা ওই ফোনালাপের অডিও প্রচার করায় প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে (সুন্দরগঞ্জ থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান) আসামির স্বজনের যে ফোনালাপ ফাঁস হয়েছে, তার তদন্ত করতে হবে। ওসি তৌহিদুজ্জামানকে প্রত্যাহার করা হলেও তিনি বিভিন্ন চক্রান্ত করছেন। তাঁর দ্বারা প্রভাবিত হয়ে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

গত বছরের ১০ এপ্রিল সকালে গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর এলাকার আওয়ামী লীগ নেতা মাসুদ রানার (৪২) বাসা থেকে হাসান আলীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাসুদসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করা হয়। অপর দুই আসামি হচ্ছেন রুমেল হক ও খলিলুর রহমান। সম্প্রতি মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তৌহিদুজ্জামানের সঙ্গে দুই আসামির স্বজনের ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস হয়। অভিযোগপত্র থেকে দুই আসামির নাম বাদ দেওয়া ও আইনের ধারা কমিয়ে দিতে টাকা লেনদেনের কথাবার্তা হয়। কথামতো কাজ না হওয়ায় টাকা ফেরত দেওয়ার বিষয়ও ফোনালাপে ছিল। ৫ দফায় প্রায় ১৭ মিনিটের এ ফোনালাপ গণমাধ্যমে প্রচারিত হলে আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুন

আজকের আলোচনা সভায় বক্তারা বলেন, ব্যবসায়ী হাসান আলী হত্যা মামলার আসামিদের বাঁচাতে তাঁদের স্বজনেরা চেষ্টা করেছেন। তাঁরা পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করেছেন। সম্প্রতি আদালতে দাখিল করা অভিযোগপত্রে তৎকালীন সদর থানার ওসি, পরিদর্শক (তদন্ত) ও উপপরিদর্শকের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়নি। অথচ হাসান হত্যায় পুলিশ প্রশাসন দায়ী। ওই অভিযোগপত্র প্রভাবিত হয়ে দেওয়া হয়েছে। একই তদন্তকারী কর্মকর্তা দুবার দুই রকমের অভিযোগপত্র দেন। এটা আপত্তিজনক ও আইনের লঙ্ঘন। এতে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

সভা থেকে আগামী ১০ এপ্রিল হাসান আলী হত্যার প্রথম মৃত্যুবার্ষিকীতে মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মঞ্চের সমন্বয়ক আমিনুল ইসলাম। সঞ্চালনা করেন সাম্যবাদী আন্দোলনের সদস্যসচিব মনজুর আলম।
এতে বক্তব্য দেন জেলা গণফোরামের সভাপতি মইনুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ, গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউল হক, গাইবান্ধা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মকছুদার রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা বাসদের আহ্বায়ক গোলাম রব্বানী, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মাসুদুর রহমান, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) নেতা মিনাল কান্তি বর্মন, জেলা শ্রমিক জোটের সদস্যসচিব নুর মোহাম্মদ, সদর উপজেলা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি রোকনুদ্দৌলা ও সাধারণ সম্পাদক ফিরোজ কবীর, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেছ আলী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতা শামীম আরা প্রমুখ।

মামলার বিবরণ থেকে জানা যায়, মাসুদ রানা গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত উপদপ্তর সম্পাদক ও একজন দাদন ব্যবসায়ী। প্রায় দুই বছর আগে রানার কাছ থেকে পাঁচ লাখ টাকা ঋণ নেন শহরের স্টেশন রোডের জুতা ব্যবসায়ী হাসান আলী। এই টাকা সুদাসলে ১৯ লাখে দাঁড়ায়। সুদের টাকা দিতে না পারায় গত বছরের ৬ মার্চ লালমনিরহাট থেকে হাসানকে মোটরসাইকেলে তুলে আনেন মাসুদ রানা। এরপর তিনি হাসানকে নিজ বাসায় এক মাসের বেশি আটকে রাখেন। পরে ওই বাসা থেকে হাসানের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী বিথী বেগমের করা মামলাটি প্রথমে তদন্ত করেন গাইবান্ধা সদর থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) সেরাজুল ইসলাম। পরে গাইবান্ধা ডিবি পুলিশের তৎকালীন ওসি ও বর্তমানে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মানষ রঞ্জন দাস তদন্তের দায়িত্ব পান। সর্বশেষ মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন গাইবান্ধা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন ওসি মো. তৌহিদুজ্জামান। ঘটনার ৯ মাস ৬ দিন পর মাসুদ, খলিলুরসহ দুজনের বিরুদ্ধে চলতি বছরের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন তিনি। এরপর ১৮ জানুয়ারি সুন্দরগঞ্জের ওসি হিসেবে বদলি হন তৌহিদুজ্জামান। গাইবান্ধা কোর্ট পুলিশ ফেব্রুয়ারির শেষের দিকে অভিযোগপত্রটি সংশোধনের জন্য তাঁর কাছে ফেরত পাঠায়। পরে ৭ মার্চ মাসুদ রানাসহ তিন আসামিকেই অভিযুক্ত করে আদালতে সংশোধিত অভিযোগপত্র জমা দেওয়া হয়।

আরও পড়ুন

এদিকে ঘটনার পর ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ গড়ে তুলে বিচারের দাবিতে দুই মাসব্যাপী আন্দোলন চলে। এরপর সদর থানার তৎকালীন ওসি মাহফুজার রহমান, পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান এবং উপপরিদর্শক মোশারফ হোসেনকে অন্যত্র বদলি করা হয়। ঘটনার দিনই মাসুদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ৭ নভেম্বর গাইবান্ধা সদর আমলী আদালতে প্রতিবাদ মঞ্চের সমন্বয়ক আমিনুল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন। ওই মামলায় মাসুদ রানা, তিন পুলিশ কর্মকর্তাসহ ছয়জনকে আসামি করা হয়। বাদীপক্ষের আইনজীবী মো. নওসাদুজ্জামান বলেন, একই ঘটনায় সদর থানায় করা মামলার প্রতিবেদন পাওয়া সাপেক্ষে এই মামলার কার্যক্রম শুরু হবে। তাই আদালত মামলাটি মুলতবি (স্টে) করেন।