ওসির মুঠোফোন নম্বর ক্লোন করে প্রার্থীদের কাছে অর্থ দাবির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন
প্রতীকী ছবি

নওগাঁর রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি মুঠোফোন নম্বর ‘ক্লোন’ করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে অর্থ দাবির অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকার প্রার্থীদের ফোন করে এই অর্থ দাবি করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

উপজেলার কাশিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ফোন পেয়েছিলেন। ওই নম্বর থেকে তাঁর কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়। তবে তিনি টাকা না দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

কালিগ্রাম ইউপির স্বতন্ত্র প্রার্থী আবদুল ওহাব বলেন, ওসির নম্বর থেকে তাঁর কাছেও ফোন আসে। তিনি মোটরসাইকেলে থাকায় ফোন ধরতে পারেননি। পরে থানায় গিয়ে ওসিকে ফোন দেওয়ার কারণ জানতে চাইলে নম্বরটি ক্লোন হওয়ার বিষয় জানাজানি হয়।

রানীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে কিছু দুষ্কৃতকারী তাঁর সরকারি মুঠোফোনের নম্বর ক্লোন করে শনিবার সকাল থেকে বিভিন্ন চেয়ারম্যান প্রার্থীর কাছে অর্থ দাবি করছে। এমন ঘটনা কয়েকজন প্রার্থী থানায় এসে জানালে বিষয়টি জানতে পারেন। এ ব্যাপারে প্রার্থীদের সতর্ক থাকার জন্য মুঠোফোনে জানানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরে থানায় একটি জিডি করা হয়েছে। দ্রুত চক্রটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।