ওয়ার্কার্স পার্টির নেতা হত্যা এখনো মামলা হয়নি
রাজশাহীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল শুক্রবার রাত আটটা পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় আর কাউকে আটকও করা হয়নি। ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে এ ঘটনাকে জামায়াত-শিবিরের গুপ্তহত্যা বলে অভিযোগ করা হয়েছে।
রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির শ্রমিক ফেডারেশনের সদস্য মোহাম্মদ আলীকে (২৮) গত বুধবার রাত পৌনে ১২টার দিকে নগরের ডাঁশমারী এলাকায় দুই হাত, দুই পা ও ঘাড় ভেঙে পাশের একটি নর্দমায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন মোহাম্মদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই পুলিশ একই সংগঠনের ডাঁশমারী ওয়ার্ডের সদস্য জিয়ারুল ইসলাম ও রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
গতকাল বিকেলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবার ঘটনাস্থল তদন্তে যান। সেখানে থেকে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। এ ঘটনায় আজ (শুক্রবার) রাতে মামলা হতে পারে।
ওয়ার্কার্স পার্টি সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে গতকাল সকাল ১০টায় সম্পাদকমণ্ডলীর জরুরি সভা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার সভাপতি লিয়াকত আলী। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা। এ সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে গতকাল পত্রিকা অফিসে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে জামায়াত-শিবির কর্তৃক দলের নেতা মোহাম্মদ আলী খুন হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। জামায়াত-শিবিরের ঘাতকদের সব তথ্য ইতিমধ্যেই ওয়ার্কার্স পার্টি অবগত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সব তথ্য অবিলম্বে জানানোর সিদ্ধান্ত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে জামায়াত-শিবির গুপ্ত হত্যার পথ ধরেছে। জামায়াত-শিবিরকে হুঁশিয়ারি দিয়ে ওয়ার্কার্স পার্টি জানায়, জামায়াত-শিবিরের এই গুপ্তহত্যার কৌশল আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি ও নৈরাজ্যের সৃষ্টি করবে। ওয়ার্কার্স পার্টি অবিলম্বে ১৪ দলের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। মতিহার থানায় জামায়াত-শিবিরের বর্তমান কর্মকাণ্ড স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার জন্য ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের জানানো হবে। সভায় মহানগর কমিটি সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক, কেন্দ্রীয় কমিটির সদস্য এন্তাজুল হক, সাদরুল ইসলাম, আবু সাঈদ, আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রথম আলো পুলিশের উদ্ধৃতি দিয়ে মোহাম্মদ আলীকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে জিয়ারুল ইসলাম ও রফিকুল ইসলামকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে মোহাম্মদ আলী হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী জিয়ারুল ও রফিকুল।
প্রতিবেদকের বক্তব্য: পুলিশের তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি ছাপা হয়েছে। প্রতিবেদনে প্রথম আলোর নিজস্ব কোনো মতামত নেই। কাজেই এ প্রতিবেদনের জন্য প্রথম আলো দায়ী নয়।